বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় সাইবার হামলা চালায় হ্যাকাররা। এতে সংস্থাটির সংরক্ষিত 'সীমিত পরিসরের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য' হ্যাকারদের হাতে চলে গেছে। তবে এটি কোনো কারিগরি ত্রুটি নয়, বরং ফিফার নিজস্ব কর্মীদের পরিচয় নকল (ইম্পারসোনেট) করে অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে এই তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। এক বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ফিফা। তবে ঠিক কবে এই হামলা হয়েছে বা ঠিক কোন ধরনের নথি ফাঁস হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি সংস্থাটি। ফিফা জানায়, ‘অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের ঘটনার তীব্র নিন্দা জানায় ফিফা, বিশেষ করে ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার চরম লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।’ বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছে তারা।
হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) 'হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব' (HBHC) নামের একটি হ্যাকার গোষ্ঠী ফিফার অভ্যন্তরীণ নথির কিছু স্ক্রিনশট প্রকাশ করে। এর তিন দিন পর ১২ গিগাবাইটের বেশি তথ্য ফাঁস হওয়া সংক্রান্ত একটি পোস্টের জবাবে গোষ্ঠীটি এই সাইবার হামলার দায় স্বীকার করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকারদের দাবি তারা ১২ গিগাবাইটের বেশি যে তথ্য হাতিয়ে নিয়েছে, তার মধ্যে পরিচয়পত্র ও অভিবাসন সংক্রান্ত নথি, শীর্ষ নির্বাহীদের তথ্য, আর্থিক হিসাব এবং আইনি নথিপত্র রয়েছে। তবে ফিফার অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ সংস্থাটির মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম।
