একপ্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ খেললেন ১১৯ রানের বিধ্বংসী এক ইনিংস। জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। তবে শেষ ওভারে সব সমীকরণ পাল্টে দিলেন ইংল্যান্ডের তরুণ পেসার হেনরি ক্রোকম্বে। তার জাদুকরী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টি-টোয়েন্টিতে এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করল হ্যারি ব্রুকের দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। অজি বোলারদের তোপে দলীয় ৩২ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন মিডল অর্ডার ব্যাটাররা। জেমস কোলসের ৩৩ এবং জর্ডান কক্স ও লিয়াম ডসনের সমান ২৩ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেয় ইংলিশরা। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন স্যাম কারান ও জেমি ওভারটন। ওভারটনের ২০ রানের ক্যামিওর পর কারানের অপরাজিত ৫০ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও একপ্রান্তে তাণ্ডব চালান অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৪৯ বলে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অজি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে স্যাম হার্পারের ব্যাট থেকে। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান। উইকেটে সেট ব্যাটার মার্শ থাকায় ম্যাচ ছিল অজিদের নিয়ন্ত্রণেই। কিন্তু বল হাতে নিয়ে দৃশ্যপট বদলে দেন হেনরি ক্রোকম্বে। প্রথম তিন বলে ৩ রান আসায় শেষ ৩ বলে সমীকরণ দাঁড়ায় ৯ রানে। চতুর্থ বলে ক্রোকম্বের অফ স্টাম্পের বাইরের বাউন্সারে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ দেন মার্শ। আউট হওয়ার আগে ৫৭ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। পরের বলে জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রোকম্বে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
