বায়ার্ন মিউনিখের দুর্দিন যেন কাটছেই না। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে এমনিতেই বিপাকে জার্মান জায়ান্টরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অস্ট্রিয়ান মিডফিল্ডার কনরাড লাইমার। ডান গোড়ালির গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন মাস সময় লাগতে পারে। তবে এর চেয়েও বেশি সময় বাইরে থাকার আশঙ্কাও রয়েছে।
জার্মান বুন্ডেসলিগায় শনিবার হ্যামবুর্গের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে চোট পান লাইমার। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ার পর ৮৭ মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।
রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বায়ার্ন জানায়, লাইমারের ডান গোড়ালির একটি টেন্ডন স্থানচ্যুত হয়েছে। এ কারণে অস্ত্রোপচার প্রয়োজন। আপাতত তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি ক্লাব। পরবর্তী সময়ে লাইমারের পুনর্বাসন ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই ফিরতে পারার সময় নির্ধারণ করা হবে।
হ্যামবুর্গের বিপক্ষে ম্যাচ শেষে লাইমারের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। বেলজিয়ান কোচ বলেন, ‘অবস্থা ভালো মনে হচ্ছে না। সাধারণত এমন চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়া সম্ভব। কিন্তু লাইমার সেটা পারেনি, এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিল না। তাই বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
বায়ার্নের জন্য সময়টাও বেশ কঠিন। দলের নিয়মিত গোলকিপার ম্যানুয়েল নয়্যার, স্ট্রাইকার হ্যারি কেইন ও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জামাল মুসিয়ালাসহ কয়েকজন ফুটবলার আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে। এবার লাইমারকে হারিয়ে আরও চাপে পড়লেন কোম্পানি।
বিশেষ করে লাইমারের বহুমুখী ভূমিকা বায়ার্নকে ভোগাতে পারে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কোচের পরিকল্পনায় তিনি নিয়মিত রাইটব্যাক হিসেবেও খেলেন। ফলে রক্ষণ ও মাঝমাঠ— দুই জায়গাতেই তার অনুপস্থিতি অনুভব করবে দল।
২০২৩ সালে আরবি লাইপজিগ থেকে বিনা ট্রান্সফার ফিতে বায়ার্নে যোগ দেন লাইমার। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। এখন অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ফেরাই তার এবং বায়ার্নের প্রধান লক্ষ্য।
