নড়াইলে দুর পাল্লার সকল যান চলাচল বন্ধ

নড়াইলে দুর পাল্লার সকল যান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

নিরাপত্তা শঙ্কায় নড়াইলে নড়াইল-ঢাকা রুট সহ সকল দূর পাল্লার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ রোববার ভোর ৫টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।  অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে নড়াইল-ঢাকা রুটের সকল যাত্রীবাহী বাস সার্ভিসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

রোববার সকালে নড়াইল বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড় ও হাতিবাগান মোড়ের বাস কাউন্টারগুলি বন্ধ রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। অনেকে জরুরী কাজে ঢাকায় যেতে না পেরে ফিরে যাচ্ছেন। ঢাকাগামী যাত্রী কলেজ শিক্ষক তপতি রানী সরকার বলেন, সকালে তিনি জানতে পারেন বাস চলবে না। জরুরী কাজ থাকা সত্বেও তিনি বাড়ি ফিরে যেতে বাধ্য হন। চিকিৎসার জন্য ঢাকায় যেতে আসা যাত্রী প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ডাক্তার দেখানোর জন্য ঢাকা যাওয়ার নির্ধারিত তারিখ ছিল আজ। বাস না চলায় যেতে পারছেন না। নড়াইল শহরের বাস ব্যবসায়ী আব্দার মামুন বলেন, বাস বন্ধ থাকায় ব্যবসাতে প্রভাব পড়ছে। ঢাকা থেকে মালপত্র আসা বন্ধ। লোকজন যাতায়াত করতে পারছে না। সবমিলে একটা স্থবির অবস্থা।