আওয়ামী লীগ নেতাদের নিয়ে কমিটি গঠন, রংপুরে পূজা উদ্‌যাপন পরিষদের সম্মেলন পণ্ড

আওয়ামী লীগ নেতাদের নিয়ে কমিটি গঠন, রংপুরে পূজা উদ্‌যাপন পরিষদের সম্মেলন পণ্ড

ফন্ট সাইজ:

নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতাদের নিয়ে রংপুর পূজা উদ্‌যাপন পরিষদের কমিটি গঠনের অভিযোগে হট্টগোল, মারধরসহ তুলকালামকাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পূজা উদ্‌যাপন পরিষদের দু’পক্ষের মারামারিতে পণ্ড হয়েছে সম্মেলন। পছন্দের ব্যক্তিকে সভাপতি করতে না পারায় তাদের পক্ষের হামলায় সম্মেলন পণ্ড হয়েছে বলে অভিযোগ করেন পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা। এনিয়ে হিন্দু নেতাদের দু’গ্রুপ একে-অপরের মুখোমুখি অবস্থান করছে। উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্মেলনস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। মঞ্চে পূজা উদ্‌যাপন পরিষদ জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় থাকায় কয়েকজন হিন্দুধর্মীয় নেতা এর প্রতিবাদ করেন এবং তাদের আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডাসহ হট্টগোল-মারপিট বেধে যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে ইনডোর স্টেডিয়ামের নিচে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, পূজা উদ্‌যাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিএনপি, আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে।

যদি আওয়ামী লীগের লোকজন থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপি’র লোকজন এসে আমার সম্মেলন পণ্ড করবে কেন। তিনি বলেন, আমাদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, সুনীল, বিপ্লব কুমার। ডা. নিখিলেশ শংকর নিজেই পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু ফ্রন্টের কোনো নেতা রাতারাতি এ সংগঠনের প্রেসিডেন্ট-সেক্রেটারি হতে পারে না। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, কারা হামলা চালিয়েছে তা আপনার সকলেই জানেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও চলে গেছে। এদিকে বিকালে উদ্ভূত ঘটনা নিয়ে ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন ডা. নিখিলেন্দ্র শংকর গুহ। তিনি জানান, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পদধারী, অর্থদাতারা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি-সেক্রেটরির চেয়ার দখল করে রয়েছে। গণ-অভ্যুত্থানের বিপক্ষে থাকায় জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম জীবন কুণ্ডুর নামে মামলা হয়েছে। মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায় রংপুর মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য। তাদের নিয়ে পূজা উদ্‌যাপন পরিষদ নতুন কমিটি গঠন করতে চেয়েছিল। সনাতনীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এরপর এনিয়ে হট্টগোল বেধে যায়। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, বর্তমান সরকারের নেতৃত্ব দেশে সম্প্রীতি বজায় রয়েছে। গেল দুর্গাপূজায় সারা দেশে কোনো মন্দিরে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

কিন্তু পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা কমিটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে এবং তাদের সমর্থন করছে আমাদের দলের কতিপয় নেতা। আমরা হট্টগোল শুনে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে এসেছি। পূজা উদ্‌যাপন পরিষদের আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করে তারা বিভিন্ন মন্দিরে নিজেরাই হামলা করে দেশ জুড়ে অশান্তি সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে তাদের মাধ্যমে নানা ধরনের নাশকতাও করতে পারে। আমরা কোনো আওয়ামী লীগের নেতাদের পুনবার্সন মেনে নেবো না। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এই সম্মেলন আয়োজনের বিষয়টি পুলিশকে লিখিত আকারে জানানো হয়নি। এরপরেও আমরা সেখানে পুলিশের ব্যবস্থা রেখেছিলাম। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।