নড়াইলে দুর্ঘটনায় ট্রলি চালক নিহত

ফন্ট সাইজ:

নড়াইল সদর উপজেলার হোসেনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রলি সড়কের পাশের খাদে পড়ে ইকরামুল মোল্লা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা দু’টি গরুও আহত হয়েছে। শনিবার মাইজপাড়া-ধলগ্রাম সড়কের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরামুল মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে। স্থানীয় বাসিন্দা সাকিল আহম্মেদ জানান, সকালে বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দু’টি গরু ট্রলিতে তুলে নড়াইল পৌরসভার গাড়ুচিরা এলাকায় শওকতের মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ইকরামুল। পথে মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকার একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। আহত হয় ট্রলিতে থাকা ২টি গরু। স্থানীয় লোকজন ইকরামুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ইকরামুল দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে গরুবাহী ট্রলি চালানো শুরু করেন। নিহত ইকরামুলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।