ফয়াসি লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার ঘরের মাঠে লরিয়েন্তকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো ফরাসি চ্যাম্পিয়নরা। টানা নবম জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা দলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নিয়ে গেছে তারা। তবে পিএসজির এই সাফল্যকেও ছাপিয়ে গেছে লসের সেনেগালিজ ফরোয়ার্ড আবদাল্লাহ সিমার অবিশ্বাস্য পাঁচ গোলের কীর্তি।
অজের মাঠে ৫-২ গোলের জয়ে লসের সবকটি গোলই করেন সিমা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো দলটির হয়ে ৪৩ মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর ৬৪ থেকে ৮১ মিনিটের মধ্যে আরও চারবার প্রতিপক্ষের জালে বল পাঠান এই ফরোয়ার্ড। তার নৈপুণ্যে নতুন কোচ দিদিয়ে দিগার্দের অধীনে প্রথম জয় পায় লস। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের পাঁচ ম্যাচের জয়হীন ধারারও অবসান হয়।
২০১৪ সালের অক্টোবরে নিসের হয়ে গ্যাগার বিপক্ষে কার্লোস এদুয়ার্দোর পাঁচ গোলের পর লিগ ওয়ানে এক ম্যাচে পাঁচ গোল করার প্রথম কীর্তি গড়েন সিমা।
ম্যাচের পর তিনি বলেন, ‘এটি আমার জন্য সৌভাগ্যের দিন। আমি খুবই আনন্দিত। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা দল হিসেবে যে পরিশ্রম করেছি। দুইবার পিছিয়ে পড়েও আমরা ফিরে এসেছি। কাজটি সহজ ছিল না। আমরা নিজেদের মানসিক দৃঢ়তা দেখিয়েছি।’
অন্য ম্যাচে, লরিয়েন্তের বিপক্ষে ৩২ মিনিটে সেনি মায়ুলু এবং ৬৭ মিনিটে উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
