এডেন উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে অস্ত্রধারীরা। শনিবার সোমালিয়া উপকূলের কাছে এই ঘটনা ঘটে। সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পন্টল্যান্ডের এক মেরিটাইম পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ছয়জন অস্ত্রধারী ‘এমভি মার্সা ভার্গো’ নামের ওই জাহাজটি দখল করে নেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, জাহাজটিতে অপ্রকাশিত পণ্যের কনটেইনার ছিল এবং এটি আমিরাতের প্রতিষ্ঠান মার্সা ওশান শিপিংয়ের মালিকানাধীন। উল্লেখ্য, সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে তীব্র কূটনৈতিক উত্তেজনা চলছে। দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা না দেখানোর অভিযোগে গত সপ্তাহেই আমিরাতের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় সোমালিয়া।
এদিকে বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের বালহাফ থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল (১১৯ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটির ক্যাপ্টেন অস্ত্রধারীদের উঠে পড়ার খবর দেন।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারত মহাসাগরীয় মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক পৃথক সতর্কবার্তায় জানায়, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে সোমালিয়ার বোসাসো থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল (২২২ কিলোমিটার) উত্তর-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজে ছয়জন সশস্ত্র জলদস্যু হানা দেয়। ওই জাহাজের নাবিকরা একটি সুরক্ষিত কক্ষে আশ্রয় নেন এবং এতে কেউ হতাহত হননি। দুটি সতর্কবার্তায় কাছাকাছি স্থান ও সময়ের কথা উল্লেখ করা হলেও সেগুলো একই জাহাজের ঘটনা কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইইউর নৌ অভিযান ‘আটালান্টা’ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছর সোমালিয়ায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। গত ২০ নভেম্বর ইউকেএমটিওর এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে ছিনতাই হওয়া ‘আসানা’ নামের একটি ট্যাংকার ১৮ নভেম্বর পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই ছিল।
