স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টের ‘মেইন-৮’ বেঞ্চে রিটটি দায়ের করা হয়েছে এবং এতে নির্বাচন কমিশনকে (ইসি) বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

আদালতের কার্যসূচি অনুযায়ী চলতি সপ্তাহেই রিট আবেদনটি শুনানির জন্য আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিন সুপ্রিম কোর্টের এ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের আইনজীবী শিশির মনির বলেন, গণতন্ত্রের এক বিরাট হাতিয়ার হলো ভোটাধিকার, আর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বাংলাদেশের গণতন্ত্রায়ণের পথে একটি বড় বাধা।

তিনি উল্লেখ করেন, সারা দুনিয়ার এপার-ওপার, আটলান্টিকের এপার-ওপার ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় ১ কোটি ৫৭ লক্ষ (কারও মতে ১ কোটি ৫৩ লক্ষ) বাংলাদেশী বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। এর মধ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার তালিকায় নাম তুলেছেন এবং উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগও করেছেন।

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও), ১৯৭২-এর ২৭ নম্বর অনুচ্ছেদ (সেকশন) সংশোধন করে ৩-১১-২০২৫ তারিখে একটি সংশোধনী আনা হয়। এর ভিত্তিতে পোস্টাল ব্যালট সিস্টেমে ভোট প্রদানের ব্যবস্থা চালু হয় এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২০শে আগস্ট ২০২৫ ও ১৮ই নভেম্বর ২০২৫ তারিখে দুটি পরিপত্র জারির মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনের আইনি দিক ব্যাখ্যা করে শিশির মনির বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই আইনে ভোটার হওয়ার চারটি যোগ্যতার কথা বলা হয়েছে— প্রথমত, বাংলাদেশের নাগরিক হতে হবে; দ্বিতীয়ত, বয়স ১৮ বছরের বেশি হতে হবে; তৃতীয়ত, কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া যাবে না এবং চতুর্থত, কোনো ওয়ার্ডের অধিবাসী হতে হবে বা অধিবাসী হিসেবে গণ্য হতে হবে। এই চারটি যোগ্যতা থাকলে একজন ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নির্বাচন কমিশনের নীরবতার অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিয়েছেন, তারা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন কি না— এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ, চিঠি, আনুষ্ঠানিক আবেদন এমনকি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কমিশন এখনো 'নির্বাক চলচ্চিত্রের' ভূমিকায় রয়েছে এবং কোনো জবাব দেয়নি। এর ফলশ্রুতিতে দুজন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিদেশে বসবাসকারী কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী মিলে এই রিট আবেদনটি দায়ের করেছেন।

রিট আবেদনে মূলত তিনটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান এই জ্যেষ্ঠ আইনজীবী: ১. নির্বাচন কমিশনের এই নিশ্চুপ আচরণের ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২. আগামী নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনার (প্রভিশনাল অ্যারেঞ্জমেন্ট) আদেশ চাওয়া হয়েছে। ৩. আগামী ৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন কী ব্যবস্থাপনা নিয়েছে, সে বিষয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে গেলে স্থানীয় সরকার নির্বাচন বিঘ্নিত হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, "এখনো পর্যন্ত যে সময় আছে এবং যে পরিমাণ প্রযুক্তি প্রয়োজন, তাতে আজ ২৯ নভেম্বর থেকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে উদ্যোগ নেয়া হলে কোনো ধরনের বিঘ্ন (হ্যাম্পার) ছাড়াই নির্বাচন অনুষ্ঠান সম্ভব।" জাতীয় নির্বাচনে পোর্টাল সিস্টেমে যে ব্যবস্থা করা হয়েছিল, স্থানীয় নির্বাচনে সামান্য পরিমাণ প্রযুক্তি ব্যবহার করলেই তা বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।