২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের আমলে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনার অংশ হিসেবে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংঘটিত অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরুর পর প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, আসামিপক্ষ মামলার মূল বিষয় বা মেরিটে না ঢুকে অপ্রাসঙ্গিক বিষয় তুলে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে আসামিপক্ষের দাবি, প্রসিকিউশন অভিযোগের বাইরে গিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চালিয়েছে এবং তারা তারই জবাব দিচ্ছেন।
ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন শেষে ব্রিফিংয়ে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান অবসরে যাওয়ার পর থেকেই কিছু মিডিয়া হাব ও প্রসিকিউশন টিমের মাধ্যমে তার বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু হয়েছে, যা এখনো চলছে। ২০২৪ সাল থেকেই প্রসিকিউশন টিম তাকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এমনকি চিফ প্রসিকিউটর বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন যে, জিয়াউল আহসানের পদোন্নতির কোনো যোগ্যতা ছিল না এবং তিনি বিগত সরকারের পদলেহন করে পদোন্নতি পেয়েছেন।
এর জবাব দিতে গিয়ে যুক্তি উপস্থাপনের প্রথম সেশনে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলামের দেয়া ২০০৮ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে বলে জানান আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, জিয়াউল আহসান যখন সিলেটের ইনফ্যান্ট্রি স্কুলে প্রশিক্ষক ছিলেন, তখন তার প্রশিক্ষক ছিলেন তৌহিদুল ইসলাম। ২০০৮ সালের এসিআরে তৌহিদুল ইসলাম লিখেছিলেন, জিয়াউল আহসান একজন দক্ষ ও অনুকরণীয় সেনা অফিসার এবং তাকে এসএসএফ, বিডিআর ও র্যাবের মতো সংস্থায় পদায়ন (পোস্টিং) দেয়া উচিত। অথচ এ মামলার সাক্ষী হিসেবে কয়েক দিন আগে তদন্ত কর্মকর্তার (আইও) কাছে সেই তৌহিদুল ইসলামই বলেছেন যে, মেজর হওয়ার পর জিয়াউল আহসানের আর পদোন্নতির কোনো যোগ্যতা ছিল না।
আইনজীবী নাজনীন নাহার বলেন, তৌহিদুল ইসলামকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন না করলেও প্রসিকিউশন তাদের যুক্তিতর্কে বিষয়টি জনগণ ও মিডিয়ার সামনে এনেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে এবং জিয়াউল আহসানের প্রতি অপমানসূচক আচরণের জবাব দিতেই এসিআরের বিষয়টি সামনে আনা হয়েছে।
পর্যাপ্ত সময় না পাওয়ার বিষয়ে তিনি বলেন, প্রসিকিউশন তিন দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেছে এবং অভিযোগের বাইরে (বিয়ন্ড দ্য চার্জ) অনেক কথা বলেছে। ন্যায়বিচারের স্বার্থে সেগুলোর জবাব দেয়া আসামিপক্ষের দায়িত্ব। মূল চার্জের ওপর শুনানি শুরু হলে প্রমাণিত হবে যে, সাক্ষীদের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং যারা প্রকৃতপক্ষে এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরই সাক্ষী বানানো হয়েছে। তবে তদন্ত কর্মকর্তার (আইও) বিষয়ে আপত্তির প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি আদালতে উপস্থাপনের পর বলবেন বলে জানান এই আইনজীবী।
অন্যদিকে, প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম জানায়, আজকে আর্গুমেন্টের শুরুতেই আসামিপক্ষ বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করে, যাতে প্রসিকিউশন আপত্তি জানায়। পরবর্তীতে আসামিপক্ষ যুক্তিতর্ক শুরু করে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টায় কেবল ২০০৭ সালে তৈরি জিয়াউল আহসানের একটি সার্ভিস রেকর্ড পড়ে শুনিয়েছে। এ সময়ে ট্রাইব্যুনালের অভিযোগ (চার্জ) সংশ্লিষ্ট কোনো বক্তব্য আসেনি। তিনি আরও জানান, চিফ প্রসিকিউটর সাক্ষীর জবানবন্দি পড়ার মাধ্যমে যুক্তিতর্ক শুরু করেছিলেন, কারণ সাক্ষীর জবানবন্দির ওপর ভিত্তি করেই ট্রাইব্যুনাল বিচার করবেন। বাইরে বা মিডিয়াতে কী হলো, তা ট্রাইব্যুনাল বিবেচনা করবেন না। কিন্তু আসামিপক্ষ মামলার মেরিটে না ঢুকে ও বিচারের বাইরের বিষয় টেনে সময় নষ্ট করছে। ট্রাইব্যুনালও বিষয়টি বুঝেছেন। প্রসিকিউশনের মতে, আসামিপক্ষের বলার মতো তেমন কোনো ডিফেন্স কেস না থাকায় তারা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করছে।
পর্যাপ্ত সময় না পাওয়ার বিষয়ে আসামিপক্ষের দাবিকে সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেন তিনি। ট্রাইব্যুনালের আদেশ ও অর্ডার শিট (ডকুমেন্টারি এভিডেন্স) তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের ১৪ জানুয়ারি ছয় নম্বর আদেশে এ মামলায় অভিযোগ গঠন করা হয়েছিল। এরপর সাক্ষ্য গ্রহণ শেষ হতে ৭৩টি আদেশ দেয়া লেগেছে, অর্থাৎ আসামিপক্ষ প্রায় ৬৭ থেকে ৬৮টি কর্মদিবস সময় পেয়েছে। মাত্র ১৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য প্রায় ৭০ দিন সময় ও ১১ মাস লেগেছে, যা এ ট্রাইব্যুনালের অন্য কোনো মামলায় দেওয়া হয়নি। এছাড়া পুরো বিচার চলাকালে যেসব জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন না, এখন যুক্তিতর্কের পর্যায়ে এসে তাদের দোহাই দিয়ে সময় চাওয়া হচ্ছে বলেও অভিযোগ করে প্রসিকিউশন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুন মামলা
আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু, সময়ক্ষেপণ ও ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ১ঃ৫৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
