ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
ফাইল ছবি

ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি

ফন্ট সাইজ:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের ‘ফাউল’ আচরণ করবেন না বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি সবার সহযেগিতা চেয়েছেন।
রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, ইউপি ভোট ঘিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরুর সময় সূচনা বক্তব্য দেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, “কেউ যাতে ফাউল করার নিয়্যতে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই-এটা আমাদের প্রতিশ্রুতি।

“আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতেক যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারো থাকার কথা নয়।”

সিইসি বলেন, “আমাদের দেশে নির্বাচনকে বিশেষায়িত করা হয়- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। পৃথিবীর কোথাও নির্বাচনের আগে ধরনের বিশেষণ দেওয়ার প্রচলন নেই। নির্বাচন বলতে একটা জিনিসই বোঝায়-ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থী ভোট দিয়ে বাড়ি ফেরত যাবেন। আপনাাদের সহযোগিতায় এ ধরনের বিশেষণ বাদ দিয়ে সত্যিকারের নির্বাচন, গণতন্ত্রের জন্য প্রযোজ্য তা দেখতে চাই।

নাসির উদ্দিন বলেন, ইউপি দিয়ে স্থানীয় ভোট শুরু করতে চাইছে কমিশন। তার কথায়, মানুষ সেবা বঞ্চিত হচ্ছে, সাড়ে চার হাজার ইউপির ভোট দিয়ে শুরু করতে চান তারা।
পাঁচভাগে ভোট হবে, ২১ জানুয়ারি থেকে শুরু হবে। সুষ্ঠু, সুন্দর, অবাধ করতে চাই— বলেন তিনি।

তিনি বলেন, “এখানে দলীয় প্রতীক থাকবে না, স্বতন্ত্র প্রার্থীর মতো প্রতীক পাবে। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও দল সমর্থনপুষ্ট অনেক প্রার্থী থাকবেন। দলের অনেক নেতাদের ব্লেসিং থাকবে। এ নির্বাচনে আপনাদের সহযোগিতা দরকার। প্রত্যেক দলের নেতাদের প্রভাব থাকে।”

স্থানীয় নির্বাচনে নানা ধরনের ‘চ্যালেঞ্জ আসবে’, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

এছাড়া বিরোধী দল, ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামী ও এলডিপি ইসির সঙ্গে পরে সংলাপে বসবে বলে জানিয়েছে। জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেয়নি।