যেমন আছে গোপালগঞ্জ

এএফপির প্রতিবেদন

যেমন আছে গোপালগঞ্জ

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের বাসিন্দারা আতঙ্ক ও রাজনৈতিক সহিংসতার মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী মাসে হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান ও রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাসিনার জন্মস্থান ও রাজনৈতিক শক্ত ঘাঁটি গোপালগঞ্জে গত কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার আওয়ামী লীগের সমর্থকদের পরিকল্পিত একটি বড় কর্মসূচিকে সামনে রেখে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোতায়েন করা হয়েছে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য। গত কয়েক মাসে নেয়া ধারাবাহিক কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থায় দক্ষিণাঞ্চলের এই জেলার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের মূল্য দিতে হচ্ছে। ১৫ বছর দেশ শাসনের পর ২০২৪ সালের আগস্টে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান হাসিনা।

দুই সন্তানের মা ৩৫ বছর বয়সী খাতুন (নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশ করেননি) এএফপিকে বলেন, ‘গ্রামবাসী যেদিন থানায় আগুন দিয়েছিল, সেদিন থেকে আমি আমার ছেলেদের আর প্রাইভেট পড়তে পাঠাচ্ছি না।’

তিনি জানান, পুলিশের হাতে কিশোর ছেলেদের আটক হওয়ার ভয়ে দিনের বেশির ভাগ সময় বাড়িতেই কাটান। খাতুন বলেন, ‘দেশের অন্য জায়গায় বসবাসকারী গোপালগঞ্জের মানুষও হয়রানির শিকার হচ্ছেন।’

ঝামেলা এড়াতে রাজধানী ঢাকায় কর্মরত তার স্বামী সপ্তাহান্তে বাড়ি ফেরার পরিকল্পনাও বাদ দিয়েছেন। খাতুন বলেন, ‘গণপরিবহনেও কঠোর নিরাপত্তা তল্লাশি চলছে। গোপালগঞ্জের কাউকে দেখলেই গণপিটুনির ঘটনা ঘটতে পারে। এমনকি আমার স্বামীর নিয়োগকর্তাও তাকে গোপালগঞ্জে যেতে দিতে চান না। কারণ, মালিক আশঙ্কা করছেন, আমার স্বামী কোনো মিছিলে যোগ দিতে পারেন।’

ধরপাকড় ও নিরাপত্তা অভিযান
কর্তৃপক্ষের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে অন্তত ৭২টি ঝটিকা মিছিল করেছেন এবং ১০০টির বেশি পেট্রোলবোমা হামলা চালিয়েছেন। এসব ঘটনার পর ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।

হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় গোপালগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি থানা ও বেশ কয়েকটি ভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য হাসিনার সমর্থকদের দায়ী করা হয়েছে। জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হয়েছে।

ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চলাচল বন্ধ এবং থানাগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। আইনজীবী ও আওয়ামী লীগের সাবেক সদস্য জাবের আলম বলেন, গোপালগঞ্জের বাসিন্দাদের শত্রু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, ‘নির্বাচনের আগে শত শত মানুষকে কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ সমর্থকদের বিরুদ্ধেও এখনো মামলা দেয়া হচ্ছে।’

বাংলাদেশের রাজনীতিতে ফৌজদারি মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিশোধ নেয়ার ঘটনা দীর্ঘদিনের। হাসিনার শাসনামলেও বিরোধী দলের রাজনীতিক ও কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছিল।

সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেয়া হয়েছে।

জাবের আলমের ভাষ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা মামলায় আটক ব্যক্তিদের মুক্তির ব্যবস্থা করতে না পারায় জিলানীর ওপর ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

তিনি বলেন, ‘মিথ্যা মামলা থেকে তাদের মুক্ত করার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। এ কারণে ক্ষুব্ধ মানুষ তার বাড়িতে হামলা চালিয়েছে।’

‘বাংলাদেশ হাসছে’

রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতায় জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, চলতি মাসে তাদের ১০০টির বেশি শাখা অগ্নিসংযোগের শিকার হয়েছে।

গোপালগঞ্জের একটি গ্রামীণ ব্যাংক শাখায় গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ, আগুনে পোড়া হিসাবের খাতা ও ভাঙা আসবাবপত্র।

ব্যাংকটির নিরাপত্তাকর্মী জাকির বিশ্বাস বলেন, হামলাকারীরা তাকে জানিয়েছিল, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেয়ার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে।

জাকির এএফপিকে বলেন, ‘তারা দ্রুত গ্রামীণ ব্যাংকের শাখায় এসে বলেছিল, এবার তাদের পালা গ্রামীণ ব্যাংক ধ্বংস করার।’

শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এএফপির সাংবাদিকরা দেখেছেন, স্থানীয় বাসিন্দারা সেখানে পোস্টার লাগাচ্ছেন। পোস্টারে লেখা, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে।’

সাম্প্রতিক সংঘর্ষে আহত নিরাপত্তা সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব ঘটনাকে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন।

তবে খাতুনের মতো সাধারণ বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগ, হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সংঘাতের মধ্যে তাদের সন্তানরা নিরাপদে থাকতে পারবে কি না।

খাতুনের প্রশ্ন, ‘আমরাও তো অন্য সবার মতো বাংলাদেশের নাগরিক। আমাদের কেন ভুগতে হবে?’