ছয়দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর স্পিকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।
২৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান। পরে দুই স্পিকারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদল বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
২৫ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ভবন পরিদর্শন করেন স্পিকার। এ সময় তিনি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় পরিষদের অধিবেশন কক্ষ পরিদর্শনকালে তাকে সংসদের ইতিহাস ও আইন প্রণয়নপ্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। একই দিন তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল (পিএমএ) পরিদর্শন করেন। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মজীবনের শুরুতে এই একাডেমিতেই প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ফলে সফরটি তার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান। এ সময় নিজের সামরিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি একাডেমিতে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্পিকার।
২৫ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংসদীয় যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই রাতে প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ স্পিকার ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সম্মানে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করেন।
২৬ নভেম্বর লাহোরে পৌঁছলে স্পিকারকে স্বাগত জানান পাঞ্জাবের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চৌধুরী শাফায় হোসেন। লাহোর ও করাচিতে বিভিন্ন রাজনৈতিক, সংসদীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এদিকে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর পরবর্তী সংবাদ সম্মেলন ৩০ নভেম্বর, সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
সংসদ রিপোর্টার
অনলাইন
১৫ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ১২ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
