ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজেকে দেশে প্রবেশে বাধা দিয়েছে কোস্টারিকা। বৃহস্পতিবার সান হোসে বিমানবন্দরে ইতালীয় এই নাগরিককে আটকে দেয়া হয়। কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে তিনি দেশটিতে গিয়েছিলেন। পরবর্তীতে বিমানবন্দরে বসেই ভাচুর্য়ালি তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। টার্মিনালে দুই রাত আটকে থাকার পর শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশে রওনা হন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
কোস্টারিকার অভিবাসন দপ্তর জানায়, সন্ত্রাসবাদের সাথে কথিত সম্পর্কের সতর্কবার্তা ও জাতীয় নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোন দেশের পক্ষ থেকে এই অভিযোগ সে বিষয়ে কিছু জানাতে পারেনি দেশটি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকারপ্রধান ভলকার তুর্ক জানান, এটি মানবাধিকারের প্রতি কোস্টারিকার অঙ্গীকারের পরিপন্থী।
গাজায় ইসরাইলি গণহত্যার কট্টর সমালোচক আলবানিজে ২০২৫ সালে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েন। ভার্চুয়ালি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি কোস্টারিকার এই সিদ্ধান্তের পেছনে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আছে কি না, তা তদন্তের আহ্বান জানান। ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কোস্টারিকার এই পদক্ষেপের প্রশংসা করেছে ইসরাইল। অন্যদিকে, শনিবার মেক্সিকো সিটিতে পৌঁছালে আলবানিজেকে ফুল দিয়ে স্বাগত জানান সমর্থকরা।
