গোপন তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ওপেনএআইয়ের পাল্টা মামলা

গোপন তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে ওপেনএআইয়ের পাল্টা মামলা

ফন্ট সাইজ:

গোপন তথ্য চুরির অভিযোগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় দায়ের করা এই মামলায় বলা হয়, এক সাবেক কর্মীর মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওপেনএআইয়ের ভবিষ্যৎ ডিভাইস তৈরিতে কাজ না করতে হার্ডওয়্যার সরবরাহকারীদের নিরুৎসাহিত করার অভিযোগও আনা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এর আগে গত জুলাইয়ে মালিকানাধীন তথ্য চুরির অভিযোগ এনে ওপেনএআই, অ্যাপলের সাবেক দুই কর্মী এবং আইফোনের সাবেক নকশাবিদ স্যার জনি আইভের প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’-এর বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। গত বছর ৬৫০ কোটি ডলারে (প্রায় ৮০ হাজার ৫৮৭ কোটি টাকা) স্টার্টআপটি কিনে নেয় ওপেনএআই। পাল্টা মামলায় ওপেনএআই দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত ডিভাইস তৈরির পরিকল্পনা অ্যাপলের বাজারে ভাগ বসাতে পারে ভেবেই তারা এমন অনৈতিক পথ বেছে নিয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অ্যাপল জানায়, মূল মামলার বিষয়বস্তু থেকে দৃষ্টি সরাতেই ওপেনএআই এই কৌশল নিয়েছে।