আবহাওয়ার বাধা পেরিয়ে নিউ ইয়র্কে উৎসবের ঢেউ

শততম থ্যাঙ্কসগিভিং প্যারেড

আবহাওয়ার বাধা পেরিয়ে নিউ ইয়র্কে উৎসবের ঢেউ

ফন্ট সাইজ:

প্রতিকূল আবহাওয়ার বাধা পেরিয়ে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল নিউইয়র্কের ম্যানহাটন। শততম আয়োজনের ঐতিহাসিক মাইলফলকে শনিবার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ‘মেসি’স থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’। নির্ধারিত দিনের দুই দিন পর আয়োজন হলেও দর্শকদের উচ্ছ্বাস, বর্ণিল বেলুন, সুসজ্জিত ফ্লোট আর তারকাদের পরিবেশনায় উৎসবের আমেজে কোনো কমতি ছিল না। ১৯২৪ সালে যাত্রা শুরু করা এই প্যারেডের ইতিহাসে এবারই প্রথম আবহাওয়ার কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন করতে হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে প্যারেডটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় ঝড়ের আশঙ্কায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজক ও নিউইয়র্ক কর্তৃপক্ষ অনুষ্ঠানটি ২৮ নভেম্বর শনিবারে পিছিয়ে দেয়। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত টানা তিন বছর প্যারেডটি বাতিল করা হয়েছিল। যুদ্ধের প্রয়োজনে হিলিয়াম ও রাবারের ব্যবহার সীমিত থাকায় তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তিন বছর বাদ দিয়ে ২০২৬ সালে এসে প্যারেডটি শততমবারের মতো অনুষ্ঠিত হলো। শততম আয়োজনকে স্মরণীয় করে রাখতে এবার ছিল বিশেষ প্রস্তুতি। রেকর্ড ১০০টি বিশালাকার বেলুন, আকর্ষণীয় ফ্লোট এবং জনপ্রিয় কার্টুন ও বিনোদন জগতের নানা চরিত্র নিয়ে সাজানো হয় প্যারেড। অতীতের ঐতিহাসিক চরিত্রগুলোকেও ফিরিয়ে আনা হয় এবারের আয়োজনে। এর মধ্যে ১৯২৭ সালে প্রথম অংশ নেওয়া ‘ফেলিক্স দ্য ক্যাট’ এবং দীর্ঘ বিরতির পর ফিরে আসা ‘আন্ডারডগ’ বিশেষ আকর্ষণ তৈরি করে। প্রায় আড়াই মাইল দীর্ঘ প্যারেড রুটের দুই পাশে ছিল মানুষের ভিড়। আপার ওয়েস্ট সাইডের সেন্ট্রাল পার্ক ওয়েস্ট থেকে শুরু হয়ে সিক্সথ অ্যাভিনিউ ধরে হেরাল্ড স্কয়ারে পৌঁছায় বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন বেলুন, সুসজ্জিত ফ্লোট, মার্চিং ব্যান্ডের বাদ্য আর বিভিন্ন দলের নৃত্য-পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে অনেকেই এসেছিলেন এই উৎসব উপভোগ করতে। বিশাল আকৃতির কার্টুন চরিত্রের বেলুনগুলো শিশুদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, আবার কেউ প্রিয় চরিত্রকে সামনে থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেকে এসেছেন নিউইয়র্কের এই ঐতিহ্যবাহী আয়োজন দেখতে। নিউ জার্সি থেকে আসা মারিয়ানা চৌধুরী জানান তিন বছর পর শতবর্ষ উদযাপন দেখতে তিনি ম‍্যানহাটন এসেছেন । ভালো লাগছে । আবহাওয়ার কারণে একটু চিন্তায় ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত মোহাম্মাদ আজির । তার মতে মেসির প‍্যারেড যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ।
এবারের প্যারেডে সংগীত ও বিনোদন জগতের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এলএল কুল জে, কুইন লতিফা, কিকি পামার, ডিভো, নাতাশা বেডিংফিল্ড, স্ম্যাশ মাউথ, রেই, মেগান মরোনি এবং ওয়াইক্লেফ জ্যঁ। আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তনের পরও অধিকাংশ পরিবেশক ও অংশগ্রহণকারী নতুন সূচিতে প্যারেডে যোগ দেন। নতুন করে যুক্ত হন সংগীতশিল্পী গ্লোরিয়া গেনরও। প্যারেড ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। ম্যানহাটনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিউইয়র্ক পুলিশ বিভাগের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।