আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এতদিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা ছিল

আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এতদিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা ছিল

ফন্ট সাইজ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এতদিনে বাংলাদেশের ইউরোপ-আমেরিকা হয়ে যাওয়ার কথা ছিল। তবে ইউরোপ-আমেরিকা না, আমরা একটি ভালো বাংলাদেশ চাই।

গতকাল সকালে রাজধানীর মগবাজারে আল- ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এসব কথা বলেন।
জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জামায়াতের আমীর বলেন, সংসদে এ বিষয়ে জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই কথা বলেছেন। তাদের এই বক্তব্য ঠিক হলে এতদিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল।

তবে তিনি ইউরোপ-আমেরিকার মতো নয়, একটি ভালো বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। কবে সেই বাংলাদেশ হবে, তা নিয়ে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, মেয়ে শিশুদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। চারদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এর জন্য সরকারি দলের নেতাকর্মীরা দায়ী। মাদক নিয়ন্ত্রণে আইন পাস হয়েছে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর হুঁশিয়ারিও দেয়া হয়েছে। কিন্তু এসব ঘোষণার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ফলাফল জনগণের সামনে নেই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদে দ্রব্যমূল্যের একটি তালিকা দেখানো হয়। কিন্তু এক বছর আগে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম কতো ছিল, এখন কতো- তা বলা হয় না। একইভাবে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম আগে কতো ছিল, এখন কতো, সেটিও বলা হয় না।

শফিকুর রহমান বলেন, নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। সব দোষ অতীতের সরকারগুলোর আর সব দোষ বর্তমানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এটার। আমাদের কোনো দোষ নাই।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করেছে, সেটি আইনসম্মত নয় বলে জানান জামায়াত আমীর।

শফিকুর রহমান বলেন, বিরোধী দল এ কমিটির বিষয়ে প্রতিবাদ জানালে এর নামের সঙ্গে ‘বিশেষ’ শব্দটি যুক্ত করা হয়। কিন্তু সংসদে এই শব্দসহ কমিটি গঠনের প্রস্তাব পাস হয়নি। তাই এটি একটি অসাংবিধানিক সংবিধান সংশোধন কমিটি।

জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সরকারের উদ্দেশ্যে জামায়াতের আমীর বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা করা হলে ২০২৪ সালের মতো আবারো সবাই ঐক্যবদ্ধ হবেন। নতুন করে জাতীয় ঐক্য গঠনের কোনো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। গণরায় বাস্তবায়নের মধ্যদিয়েই জাতীয় সিসাঢালা ঐক্য তৈরি হবে।

শফিকুর রহমান বলেন, মূল বিষয়টি উপেক্ষা করে সরকার ঐক্যের চেষ্টা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে বাংলাদেশের কোনো সুবিধা হবে না। বরং এর সুযোগ নেবে অতীতের ফ্যাসিবাদীরা। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা ফ্যাসিবাদীদের সেই সুযোগ দেবে কিনা।
গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের একটি জেলায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এক সপ্তাহ ধরে সরকারের কোনো ছায়াও মানুষ খুঁজে পায়নি। ওই জেলার সরকারদলীয় তিন সংসদ সদস্য এখন পর্যন্ত নিজ এলাকায় গিয়ে জনগণের খোঁজ নিয়েছেন কিনা, সে ধরনের কোনো তথ্যও নেই।

শফিকুর রহমান বলেন, বিশৃঙ্খলা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। কী আশ্চর্য! যেখানে সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, সেখানে আমাদের গভীর নীরবতা।
গোপালগঞ্জের ঘটনার সঙ্গে প্রতিবেশী দেশের কেউ কেউ অতি উৎসাহে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেন জামায়াতের আমীর। তিনি বলেন, তাদের কেউ বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। একটি সরকার কীভাবে এ বিষয়ে নীরব থাকতে পারে, তা তাদের বিস্মিত করেছে।

সীমান্ত রক্ষা এবং মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালনে সরকার কতোটা সফল, জনগণই তার বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।