পিকআপে এসে এমপি মালিকের বাড়িতে আগুন

পিকআপে এসে এমপি মালিকের বাড়িতে আগুন

ফন্ট সাইজ:

রাত তখন ৩টা। একটু আগে বাসায় ফিরেন এমপি এমএ মালিক। সবেমাত্র ঘুমিয়েছেন। এমন সময় তার বাসায় পেট্রোল বোমা হামলা। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে চালের উপর। দ্রুতই ছড়াচ্ছিল। সিসিটিভি ভিডিওতে সব দেখছিলেন নিরাপত্তা সদস্যরা। বাইরে বের হয়ে আসতেই নাশকতাকারীরা পালিয়ে যায়। পরে দ্রুতই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শহরতলীর দক্ষিণ সুরমার তেতলিতে বাড়ি সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের। তিনি যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ নেতা ছিলেন। আওয়ামী লীগের সময় তার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুর করা হয়েছিল। এবার প্রথমবারের দেশে এসে তিনি নির্বাচন করেন এবং এমপি নির্বাচিত হন। আগের চেয়ে কথাবার্তায় অনেক পরিশিলিত এমপি এমএ মালিক। তবে মাঝে মধ্যে কড়া ভাষায়ই ক্ষোভ ঝাড়েন।

সাম্প্রতিক সময়ে আগুন সন্ত্রাসের ঘটনায় তিনি দু’দিন আগে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেষ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছিলেন। তার মন্তব্যটি সিলেটের নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপরই এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে। বাড়ির নিরাপত্তা সদস্যরা জানিয়েছেন- প্রায় ৩০ মিনিট আগে এমপি এমএ মালিক বাসায় ফিরেন। এরপর তিনি ঘুমাতে যান। কিছুক্ষণ পর ঢাকা-সিলেট হাইওয়ে ধরে একটি পিকআপ এসে দাঁড়ায় এমপি মালিকের বাসার কাছে। সিসিটিভি ফুটেজে ওই পিকআপটি দেখেছেন নিরাপত্তা সদস্যরা। ওই সময় তারা পিকআপ দাঁড়ানোর বিষয়টিকে স্বাভাবিক ভাবেই নেন। খানিক পর পিকআপ থেকে নেমে আসে দু’যুবক। তারা এসে বাসাকে লক্ষ্য করে আগুনের মতো একটি বস্তু ছুড়ে মারে। এতে মুহূর্তে আগুন ধরে যায়। সিকিউরিটি সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই পিকআপটি হাইওয়ে দিয়ে দ্রুত চলে যায়।

পরে বাড়িতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে আগুন দেয়ার ঘটনায় এমপি এমএ মালিকের বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমপিসহ সবাই ঘরের বাইরে বেরিয়ে আসেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে বাড়ি পরিদর্শন করেছেন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান মানবজমিনকে জানিয়েছেন- রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে দুর্বৃত্তরা এবার পিকআপ নিয়ে এসেছিলেন। পিকআপ দাঁড়ানোর বিষয়টি সিসিটিভিতে দেখছিলেন নিরাপত্তা সদস্যরা। তারা ঘর থেকে বেরিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তিনি বলেন- এমপি’র বাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয়ার ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ঘটনাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি এমএ মালিক। তিনি জানান, এসব ঘটনায় তিনি কিংবা তার পরিবার অভ্যস্ত নয়। ফলে আগুন দেয়ার ঘটনার পর থেকে সবাই আতঙ্কে রয়েছেন। রাতে তার ছেলে বাড়ি থেকে অন্য বাসায় চলে গেছে। স্ত্রীও আতঙ্কে রয়েছে। এমএ মালিক জানান- তিনি দু’দিন আগে পলাতক শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন। এর প্রেক্ষিতে তার ওপর এই আক্রমণ হতে পারে। এর আগে লন্ডনে থাকা অবস্থায়ও তার ওপর পলাতক গোষ্ঠী একাধিকবার হামলা চালায়।

এমনকি রাশিয়ান ব্যক্তিদের দিয়েও হামলা চালানোর চেষ্টা করে। ওই গোষ্ঠী এখন নতুন করে তাকে টার্গেট করতে পারে বলে ধারণা করেন তিনি। এর আগে গত ২০শে নভেম্বর সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসায় একইভাবে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরও সিলেটে আতঙ্ক দেখা হয়। ঘটনার ৮ দিনের মাথায় আগুন দেয়া হলো এমপি এমএ মালিকের বাড়িতে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর বাসায় আগুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ভিআইপিদের বাসায় নিরাপত্তা জোরদার ও নগর জুড়ে নজরদারি বাড়িয়েছে।