স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে সরকার নস্যাৎ করে দেবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের আগেই তারা মানসিকভাবে প্রস্তুত থাকে চাকরির নিয়োগের সময় তারা শপথ নেন- তাদের প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা দেবে, আইনশৃঙ্খলা রক্ষা করবে এটা তাদের শপথ। এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ইন অর্ডারে এসেছে। এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছে। আপনারা লক্ষ্য করেছেন শ্রমিক অসন্তোষের সময় তারা নিজেরা আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে, কিন্তু কোনো শ্রমিক ভাইবোনদের গায়ে হাত দেয়নি। কোনো ইনজুরি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। সেটা দেশে এবং বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে। আজকে আমরা অত্যন্ত আস্থা সহকারে বলতে পারি আমাদের সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশসহ অন্যান্য বাহিনী সবাই আমরা বদ্ধপরিকর। দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে আমরা নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সবসময় প্রস্তুত থাকে, তাদের কাজই এটা। আমরা ধরেই নেই সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ। সেজন্যই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শ্রমিক অসন্তোষ ও নাশকতা নিয়ে তিনি বলেন, আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগতম জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। তবে কিছু কিছু শ্রমিক নামধারী তারা শ্রমিকের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার হয়তো পাঁয়তারা করছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা জ্বালাও-পোড়াও করছে সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে, আপনারা লক্ষ্য করেছেন তারা যে দেশের দুই একটা জায়গায় ইউনিয়ন পর্যায়ে হয়তো কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে আমি শুনেছি। দেখেছি। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।
এদিকে রাজারবাগ পুলিশ হাসপতাল পরিদর্শন শেষে গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে গতকাল দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ।
