দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম রোগে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দু’জন করে এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময় ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছর ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। গত ১৫ই মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
