টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ভুয়া মেডিকেল সনদ। পাল্টে দেয়া হচ্ছে প্রকৃত আঘাতের বিবরণ। এতে বদলে যাচ্ছে মামলার ধরন। সহজে পার পেয়ে যাচ্ছে মূল অপরাধীরা। এর সঙ্গে জড়িত ঢামেকসহ দেশের বিভিন্ন হাসপাতালের অসাধু ডাক্তার, কর্মচারী ও কিছু পুলিশ সদস্য। সম্প্রতি রাজধানীর নবাবগঞ্জ এলাকার সুমাইয়া নামে এক নারী স্বামীর মারধরে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। মামলার নথিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন। ওই সনদে একজন চিকিৎসকের স্বাক্ষর ও সিল ছিল। তবে থানা পুলিশের সন্দেহ হলে, ওই মেডিকেল রিপোর্টটি যাচাই-বাছাই করা শুরু করে।
এরপর ঢামেক থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি চিঠিতে বলা হয়- রোগী সুমাইয়ার প্রাথমিক টিকিট রেজিস্ট্রার খাতা যাচাই করে দেখা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যেই সনদ উল্লেখ করা হয়েছে তার তথ্যাবলীর সঙ্গে রেজিস্ট্রার খাতার তথ্যের মিল নেই। এ ছাড়া, জখমি সনদপত্রটি সঠিক নয় ও স্মারকবিহীন সনদপত্রটি এই হাসপাতাল থেকে পাঠানো হয়নি। তবে ভুক্তভোগী সুমাইয়া দাবি করেছেন, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি বহির্বিভাগের টিকিট কেটে চিকিৎসা নেন। এর মধ্যে গলায় আইডি কার্ড ঝোলানো এক যুবক নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে আমাকে বলেন, আপনি তো নির্যাতনের শিকার। আপনি যদি মামলা করেন তাহলে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে। তবে সেটা পেতে অনেক ঝামেলা হবে। এর চেয়ে আমাদের কিছু খরচের টাকা দেন, আমরা সব ম্যানেজ করে দেবো। এরপর আমি সেই যুবককে দুই হাজার টাকা দিই। ঘণ্টাখানেক পর সে আমাকে একটি মেডিকেল সার্টিফিকেট এনে দেয়। পরে আমি মামলাতে ওই রিপোর্টটি জমা দিই।
এদিকে, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ২৫শে সেপ্টেম্বর কুমিল্লার তিতাস থানায় মামলা করেন লিটন। ওই মামলায় লিটন তার ৯ প্রতিবেশীকে আসামি করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিরা তাকে লাঠিসোটা, লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে নীল-ফোলা জখম করে। হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এই মামলায় জেলও খাটেন বেশ কয়েকজন। একইভাবে গত বছরের ২২শে নভেম্বর একই থানায় আরও একটি মামলা করেন লিটনের আপন চাচাতো ভাই সাকিব। মামলা দু’টিরই দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা প্রমাণস্বরূপ আদালতে চারটি মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেয়া ওই সব মেডিকেল সার্টিফিকেটের উদ্ধৃতি দিয়ে বাদীর অভিযোগের সত্যতাও নিশ্চিত করা হয়। তবে আদালতে প্রমাণ হয়- তদন্ত কর্মকর্তার জমা করা চারটি মেডিকেল সার্টিফিকেটই জাল। এ সবক’টি মেডিকেল সার্টিফিকেটের একটিতেও কোনো রেফারেন্স বা স্মারক নম্বর নেই। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার তৎকালীন এসআই আবুল কাওসার বলেন, আমি ডাকযোগে এমসি পেয়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। ডাকযোগে পেলে আমরা সাধারণত স্মারক নম্বর যাচাই করি না। বর্তমানে আমি ওই থানায় নেই। তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না।
ঢামেকের এক কর্মকর্তা বলেন, এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরির অভিযোগে আরিফ নামে এক ওয়ার্ডবয়কে আটক করেছিল এসআরবি’র সদস্যরা। হাসপাতালের নার্সিং কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে ভুয়া জন্ম ও মৃত্যুসনদ, ইনজুরি সার্টিফিকেট এবং বিভিন্ন ধরনের সিল উদ্ধার করা হয়েছিল। এই চক্রের সঙ্গে হাসপাতালের আরও কিছু অসাধু কর্মচারী জড়িত। এরা অর্থের বিনিময়ে দ্রুত সনদ সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে।
এদিকে, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই মিথ্যা মেডিকেল সনদ দিয়ে মামলা করেছেন। কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেন- বাদী কখনো আহতই হননি। এমনই একজন রাজধানীর মোহাম্মদপুরের ২৭ বছর বয়সী নূর হোসেন। মামলার এজহারে তিনি দাবি করেছেন- ২০২৪ সালের ৪ঠা আগস্ট বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়ূর ভিলা এলাকায় আন্দোলনে অংশ নেন। ওই সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানো হয়। নূর হোসেনের পিঠে ছয়টি, বাম পায়ের হাঁটুর ওপর দু’টি এবং ডান পায়ের হাঁটুর পাশে একটি গুলি লাগে। গুলিতে ক্ষতবিক্ষত হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। পরে আসামিরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২৪ সালের ১লা ডিসেম্বর ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেন নূর হোসেন। ওই মামলায় ৮ জন আটক হয়ে কারাগারেও রয়েছেন।
গত ২৯শে সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আদালতে ওই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন- বাদী নূর আন্দোলনের সময়ে আহতই হননি। মামলায় দেয়া তার চিকিৎসার কাগজপত্র সব ভুয়া। আহত হওয়ার মিথ্যা ঘটনা সাজিয়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে মামলা করেছেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে। তাই আসামিদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেন।
বিষয়টি নিয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বলেন, আদালত মামলাটির চূড়ান্ত প্রতিবেদনটি দেখেছেন। বাদীর প্রতি নোটিশ ইস্যু করার আদেশ দিয়েছেন। আগামী ১লা ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মামলাটির আসামি পক্ষের এক আইনজীবী এ এইচ এম হাসিবুজ্জামান হাসিব বলেন, শুধু এ মামলার ক্ষেত্রে না, বিভিন্ন সময়ে এমন মামলা দেখা গেছে, রাজনৈতিক চাপ ও ফায়দার জন্য শত শত মানুষ হয়রানির শিকার হয়েছেন।
ওদিকে, গত মার্চে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল আহম্মেদ নামে এক চিকিৎসক একই সিরিয়াল নম্বরে দু’জনের ভর্তি টিকিট দেখিয়ে আসল রোগীর নাম, বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে অন্য আরেক ব্যক্তির নামে গুরুতর জখমের মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দিয়েছেন। ওই সার্টিফিকেট নিয়ে মামলা করার পর আদালতের নজরে আসে মেডিকেল সার্টিফিকেট। পরে তদন্তে জানা যায়, একজন রোগীর চিকিৎসার নথি ব্যবহার করে মামলার সঙ্গে সম্পর্কিত অন্য ব্যক্তির পরিচয় ও আঘাতের বিবরণ পাল্টে দেন চিকিৎসক নিজেই। পরে ওই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কামরুল হোসাইন নামে এক ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকা সত্ত্বেও মেডিকেল সার্টিফিকেটে সেটিকে ভোঁতা অস্ত্রের আঘাত হিসেবে উল্লেখ করা হয়। কামরুল দাবি করেন, সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা টাকার বিনিময়ে এই কাজ করেছেন। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেও অভিযোগ করেন।
এদিকে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন ফৌজদারি রিভিশন মামলার রায়েও ভুয়া মেডিকেল সার্টিফিকেটের প্রসঙ্গ উঠে এসেছে। এ ঘটনায় আইনজীবীসহ সংশ্লিষ্ট অনেককেই জরিমানা করেছেন আদালত। আবার সময়মতো সঠিক মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেয়ার জন্যও থমকে আছে শত শত বিচার প্রক্রিয়া। আদালত সংশ্লিষ্টরা বলছেন, আইন ও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে আঘাতের প্রকৃতি নির্ধারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে ক্ষত কোথায় হয়েছে, কী ধরনের অস্ত্র বা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে হয়, ক্ষত কতোটা গভীর, হাড় ভেঙেছে কিনা, অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা- এসব বিষয় চিকিৎসকের পরীক্ষায় উঠে আসে। একটি অসত্য রিপোর্ট তদন্তের প্রাথমিক ভিত্তিকে দুর্বল করতে পারে। ভুল তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত এগোলে পরবর্তী সময়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন আরও কঠিন হয়ে পড়ে।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অনেক ক্ষেত্রে অপরাধের বিবরণ হালকাভাবে উপস্থাপনের কারণে প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। বিষয়টি শুধু বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রত্যাশাকেও আঘাত করে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ভুয়া নথি তৈরি হওয়ার ঘটনা শুধু অপরাধই নয়, এতে পুরো বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এসব চক্রের কারণে বিচার বিভাগ এক ধরনের জিম্মি অবস্থার মধ্যে আছে। এ কারণে বিচার বিভাগকেই উদ্যোগ নিয়ে তাদের সেবা ও কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফরমে নিয়ে যেতে হবে। একইসঙ্গে যারা এ ধরনের জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
