চুয়েটে মধ্যরাতে সংঘর্ষ, আহত ৫

চুয়েটে মধ্যরাতে সংঘর্ষ, আহত ৫

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুইপক্ষের বিরোধকে কেন্দ্র করে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুইপক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়।
এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন। তার সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন ওই জুনিয়রদের একজনকে সেখান থেকে ডেকে নিয়ে যান। এতে আপত্তি জানান ভৈরব। এ নিয়ে রাকিনসহ কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

ওই ঘটনার মীমাংসায় শুক্রবার রাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আলোচনায় বসেন। সেখানে দু’পক্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা চলার একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. বায়েজিদ এবং যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দু’পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।

ভৈরব বর্মণ বলেন, তার সঙ্গে পাঁচজনের বিরোধ ছিল। শুরুতে সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলেন। আলোচনা সুন্দরভাবেই চলছিল। একপর্যায়ে অপর পক্ষ তার বন্ধুদের মারধর করলে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। অন্যপক্ষের শিক্ষার্থী রাকিন ও মো. আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। বাকি দু’জন বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ তাকে ভিডিও ধারণে বাধা দেন। পরে স্বাধীনের সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে ডেকে আনা হয় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে। তিনি স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন।

অভিযোগ উঠে, পরিচয় নিশ্চিত হওয়ার পরও একপর্যায়ে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান স্বাধীনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাকে এলোপাতাড়ি ঘুষি মারেন। একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ মাহমুদও তাকে মারধর করেন। পরে শিহাবুল আবারও তার ওপর হামলা চালান। একপর্যায়ে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদকও তাকে কয়েক দফা মারধর করেন। পরে অরিন ঘোষ স্বাধীনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় প্রথমে তাকে বাধা দেয়া হয়। পরে সাংবাদিক সমিতির সভাপতি তার পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা করেন। বারবার নিজের সাংবাদিক পরিচয় ও দায়িত্ব পালনের বিষয়টি জানানোর পরও তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, তাকে ঘটনাস্থলে ডেকে নেয়া হলে তিনি স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর হামলা করা হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ তাদের কাছে অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।