কুমিল্লার দেবিদ্বারে ১১ বছর বয়সী শিশুকে গত এক বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসাশিক্ষক মো. নুরুল ইসলাম (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নুরুল সম্পর্কে ভুক্তভোগী শিশুটির আপন চাচা। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে কুমিল্লা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধর্ষক মো. নুরুল উপজেলার ধামতী গ্রামের তমিজ উদ্দিন সরকার বাড়ির। সে ময়নামতি ১৫ নম্বর গেটের ‘ক্যান্টনমেন্ট হাজী মজিদিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক। গত ৮ই নভেম্বর ওই মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত করা হয়। ওখান থেকে এসে দেবিদ্বার সদরের ‘দেবিদ্বার-চান্দিনা সড়কের’ ‘হিলফুল ফুজুল স্কুলের পাশে ভাড়া বাসা নিয়ে স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় চাকরির চেষ্টা করছিল।
অপরদিকে, ভিকটিম শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (ভিকটিম সার্ভিস সেন্টারে) ডাক্তারি পরীক্ষা শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। ভিকটিম শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ২৭শে নভেম্বর একতলাবিশিষ্ট একটি ভবনের ছাদে। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেন, আমি একজন গৃহিণী। আমার স্বামী ঢাকায় চাকরি করেন। অভিযুক্ত নুরুল ইসলাম আমার আপন দেবর ও সে একজন মাদ্রাসার শিক্ষক। ভিকটিম (১১) আমার মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। নুরুল ইসলাম একজন নারীলোভী প্রকৃতির লোক। সে বিগত এক বছর যাবত আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, এমন কী ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকিতে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার অনুমান সকাল সাড়ে ১০টায় নুরুল ইসলাম ভিকটিমকে পূর্বের ন্যায় বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ও বিভিন্ন রকম প্রলোভনে একটি ভবনের ছাদের উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং আমার মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মেয়ে গত এক বছরের ঘটনার বর্ণনা দেয়। এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভিকটিমের মায়ের অভিযোগে মামলা হয়েছে, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক শিশু বলাৎকারের অভিযোগে গত ২২ দিন পূর্বে একটি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হয়েছে।
