রাণীনগরে ১০ ককটেল উদ্ধার

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের হাতিরপুল এলাকায় শনিবার অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫, সিপিসি-২ নাটোর (এসআরবি) ক্যাম্পের সদস্যরা। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল জানান, রাণীনগর-আবাদপুকুর মহা সড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে একদল সদস্য সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কের পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করে। ওসি আরও জানান, জব্দ তালিকা করে ককটেলগুলো থানায় জমা দিয়ে গেছেন।

তবে উদ্ধারকৃত ককটেলগুলো তাজা কিনা তা বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।