মুন্সীগঞ্জে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের চৈতারচর এলাকার রজত রেখা নদীতে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে। গত বৃহস্পতিবার সদর উপজেলা চরাঞ্চল ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রক্তাক্ত জনপদ মোল্লাকান্দি। এ সময় সংঘর্ষে সেলিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী শিশু আব্দুর রহিম। সে সময় দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি নিখোঁজ হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা (৪৬) নিহত হন। আবদুর রহমান (৪) নামের এক শিশুও আহত হয়। পরিবারের অভিযোগ, নদীতে ঝাঁপ দেয়ার পর প্রতিপক্ষের লোকজন আলমগীরকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি পানিতে ডুবে যান।

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নিহত আলমগীর হোসেন ওরফে আলমগীর দালাল। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। শনিবার সকালে আলমগীরের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এর আগে গত বৃহস্পতিবারের সংঘর্ষের সময় আলমগীরের সঙ্গে থাকা আরিফ মোল্লা নামের একজন ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘সংঘর্ষের সময় আমরা বাড়িতে ছিলাম। রহিম মোল্লার লোকজন আমাদের ধাওয়া করে। আলমগীরসহ আমরা ১০-১৫ জন দৌড়ে পাশের গ্রাম চৈতারচরে যাই। ভেবেছিলাম, সেখানে গেলে প্রাণে বাঁচবো। সেখানেও রহিম মোল্লার লোকজন আমাদের তাড়া করে। একপর্যায়ে আলমগীরসহ সবাই নদীতে ঝাঁপ দিই। আমরা নদী সাঁতরে উঠে গেলেও আলমগীর তলিয়ে যান। বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে বিলাপ করে কাঁদছেন মা মমতাজ বেগম। ছেলের হত্যার বিচার চাইছিলেন বৃদ্ধ বাবা নান্নু মিয়া (৭৫)। তিনি বলেন, এই বয়সে মরণের কথা ছিল আমার। অথচ নেতাগো ক্ষমতার লাইগা আমার পোলারে মাইরা ফালাইলো। আমি আমার পোলার হত্যার বিচার চাই। মুন্সগীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আলমগীর হোসেন নিখোঁজ হওয়ার পর নদী ও ডাঙায় সম্ভাব্য সব জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার সেলিম মোল্লাকে হত্যার ঘটনায় তার বাবা আমিনুল ইসলাম মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, রহিম মোল্লাকে প্রধান আসামি করে হত্যা মামলাটি করা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে। বৃহস্পতিবার ঘটনার পর অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। হত্যা মামলায় ওই পাঁচজনের নামও রয়েছে। তাই তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।