মনোহরদীতে কৃষকের মাঝে বীজ বিতরণ

ফন্ট সাইজ:

নরসিংদীর মনোহরদীতে ৩ শতাধিক কৃষকের মাঝে গম ও ভুট্টা বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার তিন শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নশিপুর দিনাজপুরের মহাপরিচালক ড. মো. মাহফুজ।

প্রধান বক্তা ছিলেন, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। আয়োজকরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের হাতে বীজ পৌঁছে দেয়ার মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।