মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান এমপি

মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান এমপি

ফন্ট সাইজ:

মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা, মুক্তিযুদ্ধের কথা বলা এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতের মতো চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, তার কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর যে হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে, তা সহ্য করতে হচ্ছে। যে চক্রান্ত আমার ওপরে হচ্ছে- আজকের বাংলাদেশে এই চক্রান্ত কোনো রাজনীতিবিদের ওপর আজ পর্যন্ত হয়নি। শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান এমপি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ধনপুরে যখন দেখেছিলাম, তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সব বিরানভূমি হয়ে পড়েছিল।

অথচ আজ সেই মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার হতে হচ্ছে। ফজলুর রহমান বলেন, আলবদর-রাজাকারের সন্তানরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচবো কিনা, এই চাপ সহ্য করতে পারবো কিনা, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। তবে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে ফজলুর রহমান এমপি বলেন, মুক্তিযুদ্ধের জয় এবং স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য-মিথ্যা বুঝতে পারবেন এবং আমার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বিচার করবেন বলে আমি আশা করি। কারণ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।