শ্বশুর হাসপাতালে। বাসায় দুই শিশু সন্তানকে নিয়ে একা ছিলাম। আকস্মিকভাবে প্রশাসনের লোকজন এসে বসতবাড়ি ভাঙচুরসহ উচ্ছেদ অভিযান শুরু করে বলে অভিযোগ করেছেন গৃহবধূ মিমতাহুল জান্নাত মিম। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করেছি আপনারা কারা, কেন ভাঙচুর করছেন, জবাবে তারা বলে আদালতের নির্দেশে উচ্ছেদের নোটিশ নিয়ে দখল বুঝিয়ে দিতে এসেছি। এ সময় গৃহবধূ বলেন, আমরা কোনো উচ্ছেদের নোটিশ পাইনি। এ ছাড়া বাসায় কেউ নেই, আমি অবুঝ সন্তান নিয়ে কোথায় যাবো, একটু সময় দেন- বলে আকুতি-মিনতি করলেও তারা না শুনে অমানবিকভাবে আমাদের উচ্ছেদ করেছে বলে আর্তনাদ করেন। শনিবার রংপুর নগরীতে এক সংবাদ সম্মেলনে এসব জানান ওই গৃহবধূ। সংবাদ সম্মেলনে আহম্মদ আলী জানান, আদালত থেকে বাটোয়ারা মামলায় দীর্ঘদিনের বাড়ি ঘর ভেঙে দেয়া হয়। প্রাথমিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে হলেও এর মাধ্যমে আইনের অপব্যবহার করে বাস্তুহীন ও আশ্রয়হীন করে দেয়া হয়েছে আমাদের।
তিনি অভিযোগ করে বলেন, বাতিল হওয়া রায়কে অমান্য করে উচ্ছেদ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর মসজিদপাড়া গ্রামের আহম্মদ আলী বলেন, ৫/৮৮ বাটোয়ারা মামলার বাদী আমার পিতা’র ভাতিজার স্ত্রী কুলসুম মামলা করেন। আমার বাবা সেই মামলার ১৫নং বিবাদী ছিলেন। আমার বাবা নালিশি জমি নিলাম খরিদ সূত্রে ও পরে মামলা চলাকালে আবারো কুলসুমের নিকট থেকে ক্রয়সূত্রে মালিক হন। বাদী কুলসুম মামলা থেকে আমার বাবার নাম ও তার নিকট বিক্রয় করা জমি বাদ দিবেন বলে উল্লেখ করেও প্রতারণার আশ্রয় নেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লিয়াকত আলী, নাসিমা বেগম, আব্দুল খালেক, নুসরাত জাহান লাবনী প্রমুখ।
