ঈদকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে প্রসাধনীর দোকানগুলো। ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। নতুন পোশাক কেনার পাশাপাশি রূপ চর্চার প্রসাধনী কিনতে ব্যস্ত রয়েছে তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। ফাউন্ডেশন, লিপিস্টিক, নেইলপলিশ, চুড়ি ও গহনাসহ বিভিন্ন সৌন্দর্য পণ্যের চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফুটপাথ থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, ঈদের আগে এই ক’দিনেই বছরের সবচেয়ে বেশি বেচা-বিক্রি হয়।
গতকাল রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, ফার্মগেটসহ কয়েকটি শপিংমল ঘুরে দেখা যায়, প্রসাধনীর দোকানগুলো নতুন নতুন পণ্যে সাজানো। ঈদ যত ঘনিয়ে আসছে তত এসব দোকানে ভিড় বাড়ছে। তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি। পছন্দমতো পোশাক কেনাকাটা আগেভাগে শেষ করে কসমেটিকস ও জুতার দিকে ঝুঁকছেন অনেকে। কেউ খুঁজছেন ট্রেন্ডি মেকআপ, আবার কেউ লিপিস্টিক। অনেকে আবার পোশাকের সঙ্গে মিল রেখে গহনা ও জুতা কিনছেন। কেউবা কিনছেন হাত রাঙ্গাতে বিভিন্ন নামে টিউবের মেহেদী।
নিউমার্কেটের ব্যবসায়ী রাজ্জাক বলেন, রমজানের শেষ সপ্তাহে সাজসজ্জার জন্য প্রসাধনী পণ্য বেশি কেনেন ক্রেতারা। সারা বছরের তুলনায় এসময় প্রসাধনী সামগ্রী বেশি বিক্রি হয়। ঈদের নতুন পোশাকের সঙ্গে মিল রেখে চুড়ি, গহনা, কানের দুল, গলার হার এসব নারীদের চাহিদা বেশি। তাছাড়া ক্রয় করছে মেকআপ, ফাউন্ডেশন, নেইলপলিশ, লিপিস্টিক ইত্যাদি। এসব পণ্য বেচা-বিক্রি হবে চাঁদ রাত পর্যন্ত। এখনো অনেক রাত পর্যন্ত বেচাকেনা হয়।
ফার্মগেটের ফুটপাথের দোকানি আক্কাস বলেন, সারা বছরই কমবেশি বেচা-বিক্রি হয় কিন্তু ঈদ বা যেকোনো উৎসব এলে বিক্রি বেড়ে যায়। বড় বড় দোকানের পাশাপাশি আমরা যারা ফুটপাথে ব্যবসা করি তাদেরও বিক্রির পরিমাণ বাড়ে। ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য এনেছি, বিক্রিও ভালো হচ্ছে। চাঁদরাত পর্যন্ত বেচাবিক্রি চলবে।
বিক্রেতা মিলন বলেন, ঈদের আগে শেষ সপ্তাহে আমাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। সকাল থেকে রাত পর্যন্ত একটানা ক্রেতা সামলাতে হচ্ছে। অনেক সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছি না বিক্রি হয়ে যাওয়ায়। আরেক ব্যবসায়ী জানান, অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বিক্রি হচ্ছে। তবে দোকানে এসে ক্রেতাদের পণ্য কেনার আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
ক্রেতা আসফিয়া তার মেয়েকে নিয়ে ফার্মগেটের ফার্মভিউ মার্কেটে এসেছেন। তিনি বলেন, পোশাক গত সপ্তাহে কেনাকাটা শেষ। এখন অল্প স্বল্প কসমেটিকস ক্রয় করছি। রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিবো। ঈদের সময় মেয়ে চায় একটু ভালোভাবে সাজতে। তাই তাকে নিয়ে তার পছন্দমতো লিপস্টিক, ফাউন্ডেশনসহ কিছু গহনা পোশাকের সঙ্গে মিলিয়ে কেনা হচ্ছে।
