কঠোর অনুশীলনে শ্রদ্ধা

কঠোর অনুশীলনে শ্রদ্ধা

ফন্ট সাইজ:

চরিত্রের প্রয়োজনে শারীরিক পরিবর্তন থেকে শুরু করে কঠোর প্রশিক্ষণ- সবকিছুতেই নিজেকে উজাড় করে দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আসন্ন সিনেমা ‘ইথা’-তে অভিনয়ের জন্য প্রায় ১০-১২ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। শুধু তাই নয়, মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লাভনি নাচ রপ্ত করতে দীর্ঘদিন কঠোর অনুশীলন করেছেন অভিনেত্রী। তবে এই প্রস্তুতির মধ্যেই গুরুতর চোট পেতে হয় তাকে। সম্প্রতি সিনেমার কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট শ্রদ্ধার পরিশ্রমের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বৈভবী বলেন, পরিচালক লক্ষ্মণ উটেকর শুটিংয়ের ক্ষেত্রে উল্টো পরিকল্পনা করেছিলেন। দ্বিতীয়ার্ধের পাশাপাশি ক্লাইম্যাক্সের গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়। ফলে চরিত্রের জন্য ওজন বাড়ানোর পরই কঠিন নাচের মহড়ায় নামতে হয় শ্রদ্ধাকে। বাড়তি ওজনের কারণে হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ছিল। দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন এবং শারীরিক সক্ষমতা ধরে রাখাও কঠিন হয়ে উঠেছিল। শুটিংয়ের দ্বিতীয় দিনেই খালি পায়ে গরম মেঝেতে নাচতে গিয়ে গুরুতর চোট পান শ্রদ্ধা।

পরে প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাস বিরতি নিয়ে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে কাজে ফেরেন তিনি। এরপর প্রতিটি নাচের আগে ও পরে বিশেষ শারীরিক প্রস্তুতির ব্যবস্থা করা হয়। পরিচালক লক্ষ্মণ উটেকরও শ্রদ্ধার অধ্যবসায়ের প্রশংসা করেছেন। তার কথায়, প্রতিটি গানের জন্য টানা ২৫ দিন আট ঘণ্টা করে অনুশীলন করেছিলেন অভিনেত্রী। দুই পায়ে চার কেজি করে মোট আট কেজির ঘুঙ্গুর পরে মহড়া দিতেন তিনি। এতে পা ফুলে যেতো শ্রদ্ধার। মহারাষ্ট্রের কিংবদন্তি লাভনি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁও করের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ইথা’। এতে শ্রদ্ধার সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুদা, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদবসহ অনেকে। আগামী ৪ঠা ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।