সমকালীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় নিপীড়ন, মানবাধিকার ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন নিয়ে নির্মিত নাটক ‘গন্ধসূত্র’-এর প্রদর্শনী আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অপু শহীদের রচনা ও তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০২৫ সালের ডিসেম্বরে। আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার এরিয়েল ডর্ফম্যানের বিখ্যাত নাটক ‘ডেথ অ্যান্ড দ্য মেইডেন’ থেকে মূল ভাবনা গ্রহণ করে বাংলাদেশের সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে নির্মিত হয়েছে ‘গন্ধসূত্র’। নাটকটির কেন্দ্রীয় বিষয় রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতিত মানুষের ব্যক্তিগত ক্ষত, বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা। গল্পে এক নির্যাতিত নারী নিজের ঘরে একজন আগন্তুককে দেখে তাকে অতীতের নির্যাতক হিসেবে শনাক্ত করে।
রাষ্ট্র ও সমাজের প্রচলিত বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়ে সে নিজেই প্রতিশোধের পথে এগিয়ে যেতে চায়। তার এই ব্যক্তিগত দ্বন্দ্বের বিপরীতে দাঁড়িয়ে দুই পুরুষ চরিত্র নাটকে তৈরি করে এক জটিল নাটকীয় সংঘাত। শেষ পর্যন্ত ব্যক্তিগত প্রতিশোধ, ন্যায়বিচার এবং রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র নিয়ে তৈরি হয় এক তীব্র বিতর্ক। ‘গন্ধসূত্র’ মূলত প্রশ্ন তোলে- ক্ষমতার অপব্যবহার করে যারা নিপীড়ন ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি করে, ক্ষমতার পালাবদলের পর তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়? তারা কি সত্যিই বিচারের মুখোমুখি হয়, নাকি নতুন ক্ষমতাকাঠামোর সঙ্গে নিজেদের মানিয়ে নেয়? নাটকটি ব্যক্তিগত প্রতিশোধের কাহিনীর মধ্যদিয়ে বৃহত্তর রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার এই প্রশ্নগুলো দর্শকের সামনে হাজির করে। নাটকে বহ্নি চরিত্রে অভিনয় করছেন ডায়না ম্যারেলিন ও সুপ্তি দাস চৈতি। ফারাবি চরিত্রে ফেরদৌস আমিন বিপ্লব এবং ডাক্তার রেজা চরিত্রে অভিনয় করছেন তৌফিকুল ইসলাম ইমন।
