‘পরিচালকদের অনেকের অবহেলার শিকার হয়েছি’

‘পরিচালকদের অনেকের অবহেলার শিকার হয়েছি’

ফন্ট সাইজ:

সোনালি যুগের অভিনেত্রী নূতন। এক সময়ের উজ্জ্বল ক্যারিয়ার পেছনে ফেলে এখন অনেকটাই অবসর। সে সময় অনেক সিনেমাবোদ্ধা আক্ষেপ করে বলতেন সুন্দরী এই গুণী অভিনেত্রীকে পরিচালকরা সঠিক ব্যবহার করতে পারেননি। নূতনের অনেক সম্ভাবনা ছিল শাবানা, ববিতা, কবরীদের কাতারে দাঁড়ানোর। অবশ্য এই বিষয়টি তারও দায় এড়ানোর সুযোগ নেই। তিনি চাইলেই সে সময় চরিত্র বাছাইয়ে কঠোর হতে পারতেন, কিন্তু তিনি অন্য পথে হেঁটে ছবির সংখ্যা বাড়িয়েছেন। তার নামের পেছনে সংযুক্ত হয়েছিল সহযোগী নায়িকার খেতাব। তার কয়েক যুগের অভিনয় ক্যারিয়ারে একক নায়িকা হিসেবে উল্লেখযোগ্য সিনেমা নেই। কথা প্রসঙ্গে তিনি বললেন, এর দায়িত্ব কি আমার একার? শিল্পী তো কাদা মাটির, একে অবয়ব দেয়ার কারিগর হচ্ছেন পরিচালকরা। আমি পরিচালকদের অনেকের অবহেলার শিকার হয়েছি। নূতন বলেন, বিনোদনের সবচেয়ে বড় ক্যানভাস হচ্ছে সিনেমা।

সারা বিশ্বে শিল্পীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাজ বাড়ে, সরকার তাদের সম্মানিত করে। আমাদের দেশে তার উল্টো চিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অবসরে পাঠানোর পাঁয়তারা চলে। প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পাই অতিথি হিসেবে। কিন্তু আমি সহজে যেতে চাই না। কারণ বেশ কিছু অনুষ্ঠানে গিয়ে আমি বিব্রত হয়েছি। সম্প্রতি তেমনি এক অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হলাম- যা জীবনে আমি ভুলবো না। জীবনেও কল্পনা করতে পারিনি, আমার সহযোগী, আমার বোনোর মতো রোজিনা মঞ্চে আমার সঙ্গে বেয়াদবী করবে।

এসব অনুষ্ঠানের কি উদ্দেশ্যে, কি বিষয়ে কিছু কিছু অপরিচিত ব্যক্তিকে পুরস্কৃত করা হয় সত্যিই বিস্ময়কর। এসব অনুষ্ঠানে আর যাবো না বলে ঠিক করেছি। ঠিক একইভাবে প্রযোজক-পরিচালকের অনুরোধ রক্ষা করতে গিয়ে অনেক বস্তা পচা সিনেমায় অভিনয় করতে হয়েছে আমাকে। এসব সিনেমায় অর্থ তো পাইনি বরং নামের আগে অভিযোগ সংযুক্ত হয়েছে। এ সময়ে এসে উপলব্ধি হচ্ছে- উচিত হয়নি আমার কিছু কিছু সিনেমায় অভিনয় করা।