ঢাকা মাতালেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। তার গান ও নাচের তালে বুঁদ হয়ে ছিল দর্শক। শুক্রবার রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন তিনি। শুরুতেই নিজের জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এই শিল্পী। এরপর ‘ডায়ামান্তে’সহ একের পর এক জনপ্রিয় গান শোনান ওটিলিয়া। প্রায় এক ঘণ্টার পরিবেশনায় ছিল দৃষ্টিনন্দন নাচ, প্রাণবন্ত উপস্থাপনা ও দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ। পুরনো গানের পাশাপাশি নতুন গানও পরিবেশন করেন তিনি। পরিবেশনার ফাঁকে ঢাকার দর্শকদের ভালোবাসা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওটিলিয়া। বাংলাদেশের নারীদের সৌন্দর্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশের স্ট্রিট ফুডের প্রতিও ভালো লাগার কথা বলেন।
একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক নারীর সঙ্গে কথা বলেন এই সংগীতশিল্পী। তার মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এরপর পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশন করেন ওটিলিয়া। তার সঙ্গে কণ্ঠ মেলান দর্শকরাও। এ ছাড়া একটি পাঞ্জাবি গানও শোনান তিনি। ওটিলিয়ার আগে সন্ধ্যা সাড়ে ৭টায় লেভেল ফাইভ ব্যান্ড এবং রাত ৮টায় ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস মঞ্চে সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ দিকে আয়োজক নাঈম আশরাফ বলেন, ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান সংগীত তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে তাদের। রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজনের কথাও বলেন তিনি।
