মেহেরপুরে বিএনপি কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

মেহেরপুরে বিএনপি কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জড়োপুকুরিয়া গ্রামে বিএনপি’র ২ কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জড়োপুকুরিয়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বিএনপি কর্মী মঈনাল হকের বাড়ির গেটে ১টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সময়ে আরও ১টি ককটেল নিক্ষেপ করে প্রতিবেশী ও বিএনপি কর্মী সাজ্জাদ হোসনের বাড়ির গেটে। গৃহকর্তা মঈনাল হকের ছেলে ইউসুফ আলী অভিযোগ করে জানান, কিছুদিন আগে রাতের আঁধারে প্রতিবেশী আব্দুল্লাহর বাড়িতে কে বা কারা ইট নিক্ষেপ করে।

এ সময় ওই পরিবারের লোকজনের চিৎকারে ইউসুফ ও সাজ্জাদ আলীর ছেলে শুভ এগিয়ে যায়। ততক্ষণে ইট নিক্ষেপকারীরা পালিয়ে যায়। এ সময় আব্দুল্লাহর পরিবারের লোকজন আমাকে ও শুভকে ইট নিক্ষেপের বিষয়ে সন্দেহ করে। এ নিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় সালিশ ডাকেন আব্দুল্লাহ। সালিশ চলাকালীন জনসম্মুখে আমাকে ও প্রতিবেশী মিঠন এবং সুমীকে হুমকি প্রদান করেন দুলাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন। এ বিষয়ে রোজিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এদিকে, সালিশের আনুমানিক ৫ ঘণ্টা পর ইউসুফের বাবা মঈনাল হক ও প্রতিবেশী সাজ্জাদের বাড়ির গেটে ২টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।