মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবীর বলেছেন, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। কেবল পুলিশ প্রশাসনের পক্ষে মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সম্ভব নয়, এর বিরুদ্ধে মা-বোন ও মুরব্বিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা ‘আলোর দিশারী যুব সংঘ’-এর উদ্যোগে আয়োজিত সামাজিক জনসচেতনতা, মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ?সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবীর বলেন, তারেক রহমানের দ্বিতীয় বিপ্লবের অংশ হিসেবে ও তাঁর নির্দেশনায় মাদককে ‘না’ বলা এবং খেলার মাঠ সচল করার শপথ আজ এখান থেকেই নিতে হবে। আজকে চাঁদাবাজি, দুর্নীতি আর মাদক আমাদের সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, এদের কোনো ছাড় দেয়া হবে না।
এলাকায় কেউ মাদকের কারবার বা সেবনের সাথে জড়িত থাকলে এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিরো টলারেন্স নীতিতে মাদক নির্মূলে কঠোর অভিযান পরিচালনা করতে আমি প্রশাসনকে আহ্বান জানাই। পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পরামর্শ দেন তিনি। আলোর দিশারী যুব সংঘের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহীদুল ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর, ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট মো. ইউসুব আলী এবং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এস আর আনসারী বিল্টু প্রমুখ। এ সময় এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
