ময়মনসিংহ নগরীতে নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মমিনুর রহমান জিন্নাহকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিন্নাহকে গ্রেপ্তার না করে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ২৪শে নভেম্বর দিবাগত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৈঠক সন্দেহে নিরাময় ক্লিনিকের ভেতরে যায়। এ সময় পুলিশকে খবর দিলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ১নং ফাঁড়ি ইনচার্জ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় সবাই নিরাময় ক্লিনিকের একটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ক্লিনিকের ৪র্থ তলায় গিয়ে দেখতে পান দু’বার স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়েছেন জিন্নাহ। মুখ বাঁকা হয়ে শরীরের একাংশ অবস অবস্থায় বিছানায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ সময় মসিকের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোর্শেদসহ অন্তত ২০ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন। পরবর্তীতে মানবিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। প্রতক্ষ্যদর্শী বিএনপি নেতা মোর্শেদ জানান, নিরাময় ক্লিনিকের ৪র্থ তলার একটি কক্ষে জিন্না শুয়ে ছিলেন। তার স্ত্রী ও ছোট মেয়ে ওই রুমে ছিলেন। জিন্নার মুখ বাঁকা, অর্ধেক শরীর অবস ছিল। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। এ ছাড়া আমাদের তথ্যও সঠিক ছিল না। সবদিক বিবেচনা করে সকলের সর্বসম্মতিক্রমে জিন্নাকে রেখে আসা হয়।এ প্রসঙ্গে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একজন ডাক্তারের উপস্থিতিতে প্রেসক্রিপশন দেখে জানতে পারি জিন্নাহ ইতিমধ্যে দুইবার স্ট্রোক করেছেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় রাস্তায় মারা গেলে এর দায় কে নেবে? এ সময় বিএনপি’র নেতাকর্মীরাও মানবিক দিক বিবেচনা করে জিন্নাকে রেখে যেতে বলেন। তাই আমরা জিন্নাকে রেখে চলে আসি। পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান জানান, জিন্নাকে রেখে আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে আসল ঘটনা উঠে আসবে।
