ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, তল্লাশি, ড্রোন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। নালিতাবাড়ী উপজেলার চারআলী বাজারের ত্রিমুখী মোড়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এবং ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় ও চলাচলের উদ্দেশ্য যাচাইসহ তল্লাশি চালানো হচ্ছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, দায়িত্বপূর্ণ ৭৭ দশমিক ৭০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু, সরকারি-বেসরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগপথে নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চলছে। সম্ভাব্য নাশকতা, সন্দেহভাজন ব্যক্তির চলাচল ও অস্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
