শ্রমিক ইউনিয়নের মধ্যে চা শ্রমিক ইউনিয়ন দেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। সেই সংগঠনের নির্বাচন আটকে ছিল দীর্ঘদিন থেকে। অবশেষে শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলার ১৩টি পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হলো। বেছে নিলো নিজেদের নেতাকে। যারা পাশে থাকবে তাদের সুখ-দুঃখে। শনিবার সকাল থেকেই চা শ্রমিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। উপজেলার ১৩টি চা-বাগানের ১৩টি ভোটকেন্দ্রে প্রায় ৬ হাজার স্থায়ী চা শ্রমিক ভোটরা ছিলেন। কোথাও বিশৃঙ্খলার কোনো খবর শোনা যায়নি। উপজেলা প্রশাসন ও নির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, রাজনগর উপজেলায় মোট ১৩টি চা বাগানের ১৩টি পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ১ লাখ ভোটারের মধ্যে রাজনগর উপজেলার ১৩টি চা বাগানের মোট ৫ হাজার ৭৫২ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। আর তারাই হলেন এ নির্বাচনের ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ১৩৫ জন এবং নারী ২ হাজার ৬১৭ জন। তবে, অস্থায়ী শ্রমিকরা এ নির্বাচনে ভোটার নন। সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রাজনগর চা বাগানে। সেখানো মোট ভোটার ৯২২জন। এদিকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন হলেও রাজনগর উপজেলা প্রশাসন তফসিলি যেকোনো নির্বাচনের মতোই প্রস্তুতি নিয়েছে।
প্রতিটি কেন্দ্রে সিসিটিভি’র পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ সদস্যের পাশাপাশি রয়েছেন ৪জন করে আনসার সদস্য। এ ছাড়াও ছিল ৩টি মোবাইল টিম। বিজিবি সদস্যদের টিম প্রস্তুত ছিল সার্বক্ষণিক। পঞ্চায়েত সভাপতি, ভ্যালি সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদে মোট ৪টি ভেল্টে ভোট নেয়া হয়। ৩ বছর অন্তর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও চা এ বছর হচ্ছে ৮ বছর পর। এতে শ্রমিকদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, উপজেলায় অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। মাথিউড়ায় একটু সমস্যা হয়েছিল সেখানে ফোর্স পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে ফলাফল চলে আসবে।
