বর্তমান সরকারের আমলেই ভবদহ সমস্যার সমাধান হবে: এ্যানী

বর্তমান সরকারের আমলেই ভবদহ সমস্যার সমাধান হবে: এ্যানী

ফন্ট সাইজ:

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের আমলেই যশোরের দুঃখ খ্যাত এই ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বিএনপি কাজে বিশ্বাস করে, কথায় নয়। বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এই ভবদহকে পুঁজি করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। তারা ভবদহ পাড়ের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। কিন্তু বর্তমান সরকারের আমলে তা হবে না। আমরা তারেক রহমানের নির্দেশে আজ ছুটির দিনে সরকারের ৮ মাসের মাথায় ৪ মন্ত্রী, ক্যাবিনেট সেক্রেটারি, কৃষি সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের কথা দিতে চাই, বর্তমান সরকারের আমলেই ভবদহ সমস্যার সমাধান করা হবে। গতকাল বিকালে ভবদহ এলাকার টেকা হরি নদীর উপর নির্মিত ২১ ভেল্ট স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি, কৃষি সচিব মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ভৈরব, শিবসা ও রূপসা নদীর নাব্য ফিরিয়ে এনে ভবদহ সমস্যার সমাধান করা হবে। তার জন্য ৭-৮ বছর সময় লাগতে পারে। ৮০-৯০ কিলোমিটার খাল খনন করে মুক্তেশ্বরী ও টেকা নদীর সংযোগ সৃষ্টি করে পানি নিষ্কাশন করা হবে। তবে তার আগে বিভিন্ন বিলের পানি অপসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে।

বিএডিসি এই কারণে একটি প্রকল্প গ্রহণ করেছে। যা শর্টটার্ম হিসেবে জনজীবন উন্নত করতে কাজ করবে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহ সমস্যার সমাধানে সরকার প্রতিশ্রুতবদ্ধ। যে কারণে আমরা সরজমিন পরিদর্শন করে আপনাদের মতামতের ভিত্তিতে কাজ করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এই ভবদহ সমস্যার সমাধানে কাজ করেছেন, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এই ভবদহ সমস্যার সমাধানে কাজ করছে।