সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবে না। এ ছাড়াও আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরূকরণ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেয়া হবে না। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় উত্তরের মানুষের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আশার বাণী শুনিয়ে বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে ত্রাণমন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেন।
