রাঙ্গামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলী তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার সকাল ৮টার দিকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। রাজস্থলী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
রাজস্থলী থানার উপ-পরিদর্শক নুরজামান জানান, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। পরে সকালে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সকাল ১০টার দিকে সাজ্জাদকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার সাজ্জাদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত ইসহাক তালুকদার।
