এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামে ও সহজে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় গাজীপুর এলপিজি পরিবেশক এসোসিয়েশন। এ লক্ষ্যে পরিবেশক ও ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটির নেতারা। গতকাল গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার একটি রিসোর্টে জেলা ও মহানগরের বিভিন্ন এলপিজি কোম্পানির পরিবেশক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ মিলনমেলার আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম কাজলসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, এলপিজি এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ জ্বালানি। তাই এ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, গ্রাহকদের কাছে সহজলভ্য করা এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পরিবেশক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
