বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ এবং সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন। সকাল ১১টায় এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়।
সভায় সংগঠনের সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশিক উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ, সহ-সভাপতি পদে জাবেদ এমরান, সহ-সাধারণ সম্পাদক পদে সুলাইমান আহমদ, কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহীন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে যথাক্রমে মোশাররফ হোসেন খান অমিত, সাইদুর রহমান ও তারেক আহমদ নির্বাচিত হয়েছেন।
