সেতু না থাকায় শেষযাত্রায়ও দুর্ভোগ

সেতু না থাকায় শেষযাত্রায়ও দুর্ভোগ

ফন্ট সাইজ:

জীবিত থাকতে দুর্ভোগ, মৃত্যুর পরও মিললো না মুক্তি। খালের উপর সেতু না থাকায় শেষবারের মতো প্রিয়জনের মরদেহটুকুও স্বাভাবিক পথে নেয়া গেল না। জরাজীর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাটিয়া পার করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত নৌকায় করে খাল পার করতে হয়েছে ৬৫ বছর বয়সী জাগের আহমদের মরদেহ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে মারা যান দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য স্বজনরা খাটিয়ায় করে মরদেহ নিয়ে রওনা হন। কিন্তু সাপমারা খালের উপর থাকা একমাত্র বাঁশের সাঁকোটি এতটাই নড়বড়ে যে খাটিয়াসহ সেটি পার হওয়া সম্ভব হয়নি। পরে নিরুপায় হয়ে নৌকায় মরদেহ তুলে খালের ওপারে নেয়া হয়। সেখান থেকে কাদামাটির পথ পেরিয়ে কবরস্থানে পৌঁছানো হয় মরদেহ।

এভাবেই সম্পন্ন হয় তার শেষ বিদায়। এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের উপর একটি সেতু না থাকায় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হয়। বর্ষা কিংবা দুর্যোগের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি রোগী পরিবহনেও তৈরি হয় চরম প্রতিবন্ধকতা। রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েক যুগ ধরে এই সাঁকো দিয়ে মানুষ চলাচল করছে। এখানে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।

সেতু না থাকায় মানুষের পাশাপাশি মরদেহ পারাপারেও এমন দুর্ভোগের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর সুপারিশে সাপমারা খালের উপর সেতু নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। রায়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির বলেন, অতীতে বহুবার আশ্বাস দেয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তাই মানুষ এখন আর আশ্বাসে ভরসা রাখতে চায় না। সেতুর অনুমোদনের খবর ইতিবাচক। তবে দ্রুত নির্মাণকাজ শুরু না হলে মানুষের দুর্ভোগ থেকেই যাবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন বলেন, সেতু নির্মাণের অনুমোদন পাস হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। সরজমিন সেতুর পরিমাপ ও অবস্থান নির্ধারণ করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের আশা করা হচ্ছে।