মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। শুক্রবার রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেয়া হয় একটি মোটরসাইকেলেও। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত ৬ জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
