কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে গুলিবিদ্ধ হাতিটির শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক নয়। ধীরে ধীরে বনের কাছাকাছি চলে গেলেও পুরোপুরি বনে ফিরে যায়নি। বরং ঘুরেফিরে বনের আশপাশেই অবস্থান করছে।
এদিকে হাতিটিকে একনজর দেখতে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে। এতে হাতিটির নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আঘাতপ্রাপ্ত হাতিটি লোকালয়ে চলে আসায় তারা সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। এর আগে ওই হাতিটির শরীরে ৮টি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে হাতিটির শারীরিক অবস্থা বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
