চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ফেনী সীমান্তে একই পরিবারের তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে নিজকালিকাপুর বিওপি’র টহলদল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় তাদের আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার জানান, তিনি দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে দীর্ঘদিন ভিসা প্রক্রিয়ার অপেক্ষায় থেকেও সাড়া পাননি। পরে স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন তারা। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
