ছাত্রী নিয়ে আত্মগোপনে, ২৪ দিন পর শিক্ষক গ্রেপ্তার

ছাত্রী নিয়ে আত্মগোপনে, ২৪ দিন পর শিক্ষক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর রাজীব হোসেন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উল্লাপাড়া মডেল থানার অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা। এ সময় অপহরণ হওয়া ছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজীব উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে এবং স্থানীয় বালসাবাড়ী ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের পরিচালক। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন জানান, গত ৪ঠা নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়ার কথা বলে দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়।

পরীক্ষার হলেও শিক্ষকরা তাকে পায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন কোচিং শিক্ষক রাজীব তাকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ই নভেম্বর ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজীবসহ তার মা রোজি খাতুনের বিরুদ্ধে একটি অপহরণ, নারী ও শিশু নির্যাতন মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ইতিপূর্বেও দুই ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে একজনকে তালাক দেয়।

বর্তমানে তার ঘরে এক স্ত্রী থাকা সত্ত্বেও আবারো সে ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। এসআরবি’র বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার রাতে ফরিদপুরের বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, শনিবার সকালে অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।