রাতের আঁধারে থানা ছেড়েছেন ওসি নোমান

রাতের আঁধারে থানা ছেড়েছেন ওসি নোমান

ফন্ট সাইজ:

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে প্রত্যাহারের চারদিনের মাথায় থানা ছাড়তে বাধ্য হলেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান। তাও আবার রাতের আঁধারে। শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, গত বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেয়া ও নিজের প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দাগনভূঞা থানার ওসি হিসেবে এখনো কাউকে পদায়ন করা হয়নি।

আপাতত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে থানার দায়িত্ব পালন করবেন। এদিকে ওসি তদন্ত ফেরদৌসি বেগম জানান, তিনি শনিবার সকাল থেকে থানার দাযিত্ব বুঝে নিয়েছেন। তার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দালাল বা মামলা বাণিজ্যে জড়িতরা থানায় জায়গা পাবেন না। এর আগে নিষিদ্ধ সংগঠন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হলে তোলপাড় শুরু হয়। গত মঙ্গলবার গভীর রাতে ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রকাশ হলে বুধবার বিকালে ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে একইদিন খাগড়াছড়িতে বদলি হয়ে যান। কিন্তু, ওসি শুক্রবার রাত পর্যন্ত থানা ছাড়েননি না অজুহাতে। ওসি’র নানান বিতর্কিত কাজ ও সাম্প্রতিক নারীকাণ্ড নিয়ে মানবজমিন একাধিক সংবাদ প্রকাশ করে। সবশেষ শনিবার ‘প্রত্যাহারের তিনদিনেও থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। মধ্যরাতে অনলাইন ভার্সনে এ সংবাদ দেখে জেলা পুলিশ ফের নড়েচড়ে বসে। ভোরের আলো ফোটার আগে ওসি নোমানকে দাগনভূঞা থানা থেকে ডেকে আনা হয় জেলা পুলিশ লাইন্সে। এর মধ্যদিয়ে চার থানায় দায়িত্ব পালনকালে বিতর্কের মুখে সব থানা থেকেই প্রত্যাহার হন নোমান। যদিও নোমানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগেও দায়িত্ব পালনকালে সব থানাতেই এমন ঘটনার শিকার হয়েছেন আলোচিত-সমালোচিত এ ওসি।

সবশেষ ২৫শে নভেম্বর তাকে থানা থেকে প্রত্যার করা হয়। এর আগে গত ১০ই আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ডে অনিহার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নোমানকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি মামলা এফআইআর হিসেবে আদালত রেকর্ডের নির্দেশ দেয়ার পরও ওসি তা উপেক্ষা করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেন। সেসময় আদালত ওসিকে দায়িত্বে থাকার অযোগ্যও ঘোষণা করেন। এ ঘটনায় নোমানের বিরুদ্ধে পুলিশ তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন আলোর মুখ দেখেনি, ওসিও প্রত্যাহার হয়নি। সে ধাক্কায় রক্ষা পাওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। রাজনৈতিক তকমা লাগিয়ে যাকে তাকে আটক আর মামলা বাণিজ্য তার মূল কাজ হয়ে ওঠে।