পর্তুগালের ভিসার আশায় সর্বস্বান্ত ৫ যুবক

ফন্ট সাইজ:

পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালালচক্রের কাছে জিম্মি হয়ে ১০ লাখ টাকা খুঁইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর তাদের আটক করা হলেও পুলিশি যাচাইয়ে তারা বৈধভাবে ভারতে প্রবেশ করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় ভারতের এক দালালকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের একজন। পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনিবার সকালে পরশুরাম থানার ওসি মো. আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। ওসি বলেন, বাংলাদেশি চক্রের যোগসাজশে ভারতে একটি চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাদের পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ভুক্তভোগীরা। তদন্তে ওই দালালের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ওসি আরও বলেন, আটক পাঁচ যুবক ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তদন্তের স্বার্থে আপাতত আসামিদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। এর আগে গত বৃহস্পতিবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় পাঁচ যুবক ও তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠলেও পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে প্রবেশ করেছিলেন।

সেখানে গিয়ে তারা দালাল চক্রের প্রতারণার শিকার হন। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ১৪ই নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে তারা আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে একটি দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীর চন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। আটক পাঁচ যুবক হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) ও কাশিনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক পরশুরামের বেলাল হোসেন (৩৬)।